উইকিপিডিয়ায় শাহবাগ আন্দোলন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০৯
রাজধানীর শাহবাগ থেকে সূচিত হওয়া চলমান গণ আন্দোলনের খবর নিয়ে অনলাইনে বৃহত্তম উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াতে যুক্ত হয়েছে নতুন নিবন্ধ। ‘২০১৩-র শাহবাগ আন্দোলন’ নামে বাংলা উইকিপিডিয়ায় (http://bn.wikipedia.org) এবং ‘2013 Shahbag Protest’ শিরোনামে ইংরেজি উইকিপিডিয়ায় (en.wikipedia.org) এই নিবন্ধ সংযুক্ত হয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ থেকে শুরু হওয়া এই আন্দোলন বিষয়ে উইকিপিডিয়াতে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত আসামী আব্দুল কাদের মোল্লার বিচারের রায় ঘোষণা করা হয় তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের শাস্তি দিয়ে। কিন্তু হত্যা, ধর্ষণ ও গণহত্যার অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণিত হলেও তার শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডকে মেনে নিতে পারেনি সাধারণ মানুষ। আর তার প্রতিবাদেই মানুষ জড়ো হতে থাকে শাহবাগে। এখনও পর্যন্ত শাহবাগ দখলে রয়েছে আন্দোলনকারীদের। নিবন্ধে আন্দোলনকারীদের ব্যবহার করা স্লোগান, আন্দোলনকে কেন্দ্র করে তৈরি করা গান এবং চলমান আন্দোলনের অনেকগুলো ছবিও যুক্ত করা হয়েছে এই নিবন্ধগুলোতে। উইকিপিডিয়াতে ‘শাহবাগ প্রজন্ম চত্ত্বর’ নামে বাংলাতে এবং ‘Shahbagh Square’ শিরোনামে ইংরেজিতে আরও দুইটি নিবন্ধ যুক্ত করা হয়েছে।