সোহেল-কনক দম্পতিকে শুভেচ্ছা জানাতে তারকামেলা

আপডেট : ০৩ মে ২০১৯, ২০:৩৮

তিনি তারকাদের তারকা। বিশেষ করে গান ও নাটকের তারকারা নিজেদের ওয়েব সিরিজ বা গান মুক্তির নানা আলোচনায় তো তাঁর সাথেই নতুন সিদ্ধান্ত নিয়ে থাকেন। জহিরুল ইসলাম সোহেল তাই তারকাদের নির্ভরযোগ্য ঠিকানা। বিয়ে করলেন দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল। কনে আইরিন আক্তার কনক। ১ মে ইস্কাটন গার্ডেনের পুলিশ কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে হয়ে গেল তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা। তারও আগে ২৯ এপ্রিল বেশ ঘটা করে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে এই দম্পতির। ১ মে এই নবদম্পতির সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে পুলিশ কনভেনশন সেন্টারে বসেছিল সঙ্গীত তারকাদের মিলনমেলা। আসেন চলচ্চিত্র আর টিভি অঙ্গনের ব্যক্তিবর্গ। এরমধ্যে উল্লেখযোগ্য তারকারা হলেন কুমার বিশ্বজিত্, হাসান মতিউর রহমান, জুলফিকার রাসেল, আঁখি আলমগীর, টিনা রাসেল, মিনার, বেলাল খান, শাওন গানওয়ালা, মিফতাহ জামান, লুত্ফর হাসান, কাজী শুভ, জয় শাহরিয়ার, পূজাসহ অনেকেই। জহিরুল ইসলাম সোহেল সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি সবার ভালোবাসা পেয়ে মুগ্ধ হয়েছি। জীবনের নতুন একটি অধ্যায় শুরু হলো আমাদের। সারাজীবন যেন একসঙ্গে সুন্দরভাবে কাটাতে পারি সেই দোয়া করবেন।’