পাঠকের কলাম

আমি নারী

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৫
আমি নারী। মানব জগতে তাহলে আমার একটা নির্দিষ্ট পরিচিতি আছে। আমারই কোনো এক নিকটজন তার প্রথম সন্তান মেয়ে হয়েছিল বলে সংসার ত্যাগী হয়েছিলেন। সেটা বহু আগের কথা। কিন্তু বর্তমানে যুগ পরিবর্তনের সাথে সাথে মানুষের মানসিকতাও পরিবর্তন হচ্ছে। নারীদের বর্তমান অবস্থায় পৌঁছাতে বহু কাঠ-খড় পোড়াতে হয়েছে। মুসলমান হিসাবে ইসলাম ধর্মের কিছু যদি জানতে যাই তবে সেখানে আমরা দেখতে পাব নারীদের স্থান কত উপরে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। কত বড় সম্মান এটি একজন নারীর জন্য। এই ধর্মে একজন নারীকে পৈত্রিক সম্পত্তি ও স্বামীর সম্পত্তির উত্তরাধিকারী করা হয়েছে। একজন নারীকে সমাজে তার স্থান করে নিতে হলে সর্বপ্রথমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। যার জন্য শিক্ষা প্রয়োজন। এখনও বহু জায়গায় নারী নিগৃহীত। এখনও সামাজিকভাবে নারীর স্থান গৃহে তথা রান্না ঘরে। যাতে নারী তার দিনের বেশিরভাগ শ্রম ব্যয় করে বিনা পারিশ্রমিকে। কোনো রকম অসুবিধা হলে আবার গালমন্দও ভাগ্যে জোটে। একজন বিকলাঙ্গ শিশুকে মা সারাজীবন নিজ ছায়ায় নিজ সাধ্য অনুযায়ী পালন করে থাকে। পুরুষ যেহেতু বাইরে চাকরি করে উপার্জন করে তাই বাড়ির কাজ তার জন্য নিষিদ্ধ। কিন্তু একজন নারী বাইরের কর্মক্ষেত্র সামাল দিয়ে বাড়ি ফিরে নিজ সন্তান, রান্নাঘর সবকিছুর তদারকি করতে হয়। সংসারের ঝামেলায় কর্মক্ষেত্রেও অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। এক ঘটনায় পিতা মারা গেলে, বয়স্কা চাকরিজীবী মেয়েকে দেখিয়ে বলা হল একে আগে পার কর। একটি ছোট্ট টিভি বিজ্ঞাপন দেখে বলে ঐ ছেলেটা একা একা স্কুলে যাচ্ছে। আমিও একা যাব। এতে নারী স্বাধীনতা প্রকাশ পায়। গার্মেন্টসে কর্মরত মহিলারা বিরাট স্বাধীনতা পায় দেখে গৃহ পরিচারিকা রূপে আসতে চায় না। নারী দু’হাতকে ও মেধাকে অস্বীকার করলে জাতীয় আয়ের বিরাট অংশ থেকে দেশ বঞ্চিত হবে। নারী ঘরে-বাইরে সমান পারদর্শী। যেসব মায়েরা শিক্ষিত, কর্মজীবী দেখা যায় তাদের সন্তানরাই পরে ভাল ফল করে এবং উচ্চপদে অধিষ্ঠিত হয়। নারী শ্রমকে কাজে লাগাতে হবে। নারীকে তার নিজের স্থান নিজেকে করে নিতে হবে। সব ব্যাপারে স্বাবলম্বী হতে হবে। মেধা কাজে লাগাতে হবে। নিজ ভাষ্য তুলে ধরতে হবে। বলতে হবে, বলতে জানতে হবে। সমাজের জন্য নিজেকে তৈরি করতে হবে। আমি যদি নিজের কথা নিজে না বলি, অন্যের ভুল ধরিয়ে না দিতে পারি, অন্যে আমাকে জানবে কি করে? বুঝতে হবে আমি বলতে ও বোঝাতে জানি। আয় করতে জানি, নিজে চলতে জানি।