পাবনার চাটমোহর-ছাইকোলা সড়কের বোয়ালমারী এলাকায় সড়কের দু’পাশের অর্ধশতাধিক গাছ কেটে নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন অনুসন্ধান চালিয়ে জানা গেছে, চাটমোহর-ছাইকোলা সড়কের সংস্কার ও বর্ধিতকরণের কাজ করছেন ধ্রুব কনস্ট্রাকশন। এই কাজের পিচ পোড়াতে সরকারি রাস্তার গাছ ব্যবহার করা হচ্ছে বলে জানা যায়। যদিও নির্মাণ প্রতিষ্ঠানের ম্যানেজার বলেছেন, আমরা বাইরে থেকে খড়ি কিনে এনে পিচ পোড়াচ্ছি। জনৈক আব্দুস সালাম কাঠ সরবরাহ করছে। তিনি এ ব্যাপারে ছবি উঠানো বা লেখালেখি না করার জন্য বলেন। দেখা গেছে, সড়ক ও জনপথ বিভাগের ওয়ার্ক এ্যাসিস্ট্যান্ট সুজা উদ্দিনের তত্ত্বাবধানে সড়কের দু’পাশের লাটিম, রেন্ট্রি কড়ই, বড়ই, শিশু গাছ ও বট গাছের ডাল কাটা হচ্ছে। যুবলীগ নেতা সাগর, কাওসার, রবি, ফরহাদ এ সকল গাছ কেটে বিক্রি করছে। তারা জানান, রাস্তার কাজে সমস্যা হওয়ায় দু’পাশের গাছের ডাল কাটা হচ্ছে। গাছ কাটার কথা অস্বীকার করেন। দেখা গেছে, রাস্তার দু’পাশের গাছ কাটার পর গাছের মোথা খড় ও ইট দিয়ে ঢেকে রাখা হয়েছে। অর্ধশতাধিক মোথা এভাবে রাখা হয়েছে। কাটা গাছ রাখা হয়েছে পিচ পোড়ানো ড্রামের ও চুলার পাশেই। এলাকাবাসী জানান, এরা সবাই ক্ষমতাধর, ফলে কেউ কিছু বলে বিপদে পড়তে চায় না। সওজের ওয়ার্ক এ্যাসিস্ট্যান্ট মোঃ সুজা উদ্দিন গাছ কাটার ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি। শুধু বললেন, সড়কের কাজ নির্বিঘ্নে করতেই গাছ কাটা হচ্ছে। তিনি ম্যানেজারের সাথে কথা বলতে বলেন।
