সিদ্ধিরগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত ২ ৪ জন গ্রেফতার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৮
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে বোমা বানানোর সময় তা বিস্ফোরিত হয়ে দুই যুবক মারাত্মক দগ্ধ হয়েছে। একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার রাত সাড়ে ১১টা দিকে সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকায় এ ঘটনার পর সেখানে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ আহত সালাউদ্দিন ও হান্নান এবং সালাউদ্দিনের স্ত্রী বিউটি ও হান্নানের স্ত্রী পারভীনকে আটক করেছে। এ ঘটনায় পুলিশের এসআই আলমগীর হোসেন বাদি হয়ে উল্লেখিত ৪ জনকে জ্ঞাত আসামি করে ও কয়েকজনকে অজ্ঞাত উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন জানান, রাতে ঘরে বসে বোমা বানাচ্ছিল সালাউদ্দিন ও হান্নান। এক পর্যায়ে বিকট শব্দে তার বিস্ফোরণ ঘটে। এতে ঘরের টিনের চাল ও দরজা ভেঙ্গে যায়। মারাত্মক দগ্ধ হয় সালাউদ্দিন ও হান্নান। ওসি জানান, বিস্ফোরণের পর ওই ঘর থেকে বোমা বানানোর জন্য রাখা তার, বিস্ফোরকসহ বিপুল পরিমাণ সরঞ্জাম পাওয়া গেছে। তিনি বলেন, গ্রেফতারকৃতরা জামায়াত কিংবা শিবিরের সদস্য কী না সে ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে। তবে এটা নিশ্চিত বড় ধরনের নাশকতার জন্যই এসব বোমা বানানো হচ্ছিল। গ্রেফতারকৃত সালাউদ্দিন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামাড়ী থানার মংলার কুঠি গ্রামের কদম আলীর ছেলে। হান্নান কুমিল্লার হোমনা থানাধীন পাথরিকান্দী গ্রামের সিদ্দুকুর রহমানের ছেলে।