ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে প্রক্টর লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। গত ১৯ নভেম্বর ও ১২ জানুয়ারি দু’দফায় ছাত্রলীগ কর্তৃক শিক্ষকদের উপর হামলার ঘটনায় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির নেতা জাপান, গফফার ও স্বাজন মৃধার নেতৃত্বে ১৫-২০ জন চাকরি প্রত্যাশি নেতাকর্মী ক্যাম্পাসে আসেন। এসময় তারা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে তালা দিয়ে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ক্যাম্পাস বাস আটকে রাখেন।
প্রক্টর মোঃ জাহাঙ্গীর হোসাইন বলেন:বিশ্ববিদ্যালয়ের গাড়ি ছেড়ে দেয়ার আহ্বান করার এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাকে লাঞ্ছিত করে। ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে কোন আন্দোলন করলে তা করার জন্য বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাংলা, স্মৃতিসৌধ, শহীদ মিনারসহ অনেক জায়গা রয়েছে। বিশ্ববিদ্যালয়কে অচল করে দিয়ে কোন আন্দোলন করতে হবে তার কোন মানে হয় না। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
