কোপা লিবার্তাদোরেস

বোকা জুনিয়র্সের বাসে হামলা দুইবার পেছাল ফাইনাল

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২২:০৪

বোকা জুনিয়র্সের দলীয় বাসে রিভারপ্লেট সমর্থকদের হামলার জেরে একদিন পেছানো হয়েছিল কোপা লিবার্তাদোরেসের ফাইনাল। নতুন সূচি অনুযায়ী রবিবারে অনুষ্ঠিত হবার কথা থাকলেও বোকার খেলোয়াড়দের অসম্মতির মুখে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে সেটি।

ইতিহাসে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন্স লিগ খ্যাত কোপা লিবার্তাদোরেসের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী বোকা জুনিয়র্স এবং রিভারপ্লেট। বোকার মাঠ লা বমবোনেরার প্রথম লেগে ২-২ গোলে ড্র করে ফেরে রিভারপ্লেট।

বিপত্তি বাঁধে ফিরতি লেগে। শনিবার ফাইনাল শুরুর কিছুক্ষণ আগে এস্তাদিও মনুমেন্টালগামী বোকা জুনিয়র্সের দলীয় বাসে হামলা করে বসে কিছু উগ্রবাদী রিভারপ্লেট সমর্থক। হামলায় আহত হন দলের অধিনায়ক পাবলো পেরেজ, তারকা খেলোয়াড় কার্লোস তেভেজ, গনজালো লামার্দো এবং বাসচালক। হামলার পরিপ্রেক্ষিতে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে ফাইনালটি একদিন পিছিয়ে দেয় কর্তৃপক্ষ।  

তবে রবিবার আহত খেলোয়াড়দের সেরে ওঠার জন্য বাড়তি সময় চেয়ে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের কাছে ম্যাচটি পেছানোর আবেদন জানায় বোকা জুনিয়র্স। ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ‘কোপা লিবার্তাদোরেসের ফাইনাল সমতার ভিত্তিতে খেলার জন্য রবিবার ক্লাব অ্যাটলেটিকো বোকা জুনিয়র্স কনমেবলের কাছে অনুরোধ করেছে।’

বোকার অনুরোধের পরিপ্রেক্ষিতে ম্যাচটি পিছিয়ে দেয় কনমেবল। তবে তা কবে অনুষ্ঠিত হবে তা এখনো ধার্য্য করা হয়নি। কনমেবলের এক বিবৃতিতে বলা হয়, ‘কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেজ জানাচ্ছেন যে বোকা আজ খেলতে অসম্মতি প্রকাশ করেছে।’

হামলার জন্য দায়ীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন কনমেবল প্রধান।