নীতিমালা ভাঙছেন প্রকাশকরাই

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩২
নীতিমালা মানছেন না প্রকাশকরাই। প্রকাশকদের মেলা করা হোক—এ দাবি জানালেও তারাই নীতিমালা ভাঙছেন। বিক্রি করছেন নেট ও পাইরেটেড বই। দুদিন অভিযান চালিয়ে মেলা নীতিমালা বাস্তবায়ন কমিটি বিভিন্ন প্রকাশনীকে নীতিমালা বহির্ভূত বই বিক্রি করতে দেখেছে। এছাড়া নিষিদ্ধ ঘোষিত ‘ডোরিমন’ বইও বিক্রি করার প্রমাণ পেয়েছে কমিটির সদস্যরা। গতকাল বিকালে মেলা প্রাঙ্গণে অভিযান চালিয়ে ১৫টি প্রকাশনীকে চিহ্নিত করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ৫টি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছিল মেলার নীতিমালা ভঙ্গের জন্য। নীতিমালা ভঙ্গকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে—আবিষ্কার, আল আমিন, রেডিক্যাল, আলেয়া, নবযুগ, আদিগন্ত, নওরোজ কিতাবিস্তান, পরবাসী, বাঁধন, বর্তমান সময়, আজকাল, অক্ষর প্রকাশনী, জোনাকি, শিশুপ্রকাশ, সিদ্দিকীয়া, তৃপ্তি, জ্যোত্স্না, মেলা, গাজি প্রকাশনী ও শুভ্র প্রকাশ। এসব স্টলে আরেক প্রকাশনীর বই বিক্রি, ভারতীয় লেখকদের বই ও নেট বই পাওয়া গেছে। আজ সোমবার বিকাল তিনটায় মেলা নীতিমালা বাস্তবায়ন কমিটি বৈঠকে বসে স্টলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে বইমেলা পরিচালনা কমিটির একজন সদস্য জানিয়েছেন, প্রকাশকরা নিয়মের কথা বললেও যখন তাদের অন্য সদস্যরা নিয়ম মানছেন না, তখন তারা আমাদের সহযোগিতা করেন না। তবে এবার কর্তৃপক্ষ নীতিমালা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেবে বলে জানান উক্ত কর্মকর্তা। নজরুল মঞ্চের চিত্র:রবিবার একাডেমীর নজরুল মঞ্চে ১০টি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। এর মধ্যে এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন। এর মধ্যে রয়েছে- বলাকা প্রকাশন থেকে প্রকাশিত ‘জলের আরশী’ ও ‘এপিটাফ’, স্বপ্নসিঁড়ি থেকে আসা ‘প্রত্যাশার প্রতিধ্বনি’ এবং আবিষ্কার থেকে ‘একশ বছরের প্রেমের কবিতা’। আরো উন্মোচিত হয় ‘জীবন পথের বাঁকে বাঁকে’ ও ‘শেষখেয়া’। নতুন বই:শনিবার মেলায় নতুন বই এসেছে ১১৩টি। এর মধ্যে গল্প ২০, উপন্যাস ১৯, প্রবন্ধ ৪, কবিতা ৩২, গবেষণা ১, ছড়া ৩, জীবনী ৪, মুক্তিযুদ্ধ ১, বিজ্ঞান ২, ভ্রমণ ৪, চিকিত্সা/স্বাস্থ্য ২, রম্য/ধাঁধা ৩, সায়েন্স ফিকশন ৩ এবং অন্যান্য বিষয়ের উপর প্রকাশিত হয়েছে ১৫টি বই। মেলামঞ্চের আয়োজন:গতকাল রবিবার মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘আখতারুজ্জামান ইলিয়াস:অনন্য লেখকের প্রতিকৃতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক-গবেষক অধ্যাপক মাসুদুজ্জামান। আলোচনায় অংশনেন অনুবাদক অধ্যাপক আবদুস সেলিম এবং কথাশিল্পী আহমাদ মোস্তফা কামাল। সভাপতিত্ব করেন সংস্কৃতি গবেষক, কথাশিল্পী ড. ফজলুল আলম। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী নাদিরা বেগম, পাগলা বাবুল, ফকির শাহাবুদ্দিন, মো. নূরুল ইসলাম, আলম দেওয়ান, আজগর আলীম, আনিমা মুক্তি গোমেজ, আমজাদ দেওয়ান, সাইদুর রহমান বয়াতি ও টুকু বাউল। আজকের আয়োজন:আজ সোমবার বিকালে মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘তোফাজ্জল হোসেন মানিক মিয়া’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন আবেদ খান। আলোচনায় অংশগ্রহণ করবেন রাহাত খান, মুহাম্মদ জাহাঙ্গীর এবং মোহাম্মদ সেলিম। সভাপতিত্ব করবেন হারুন অর রশিদ। সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।