যুদ্ধাপরাধীদের প্রেসক্লাবের সদস্যপদ বাতিলের দাবি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৫
যুদ্ধাপরাধী কাদের মোল্ল¬া ও কামারুজ্জামানের জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ বাতিলের দাবি জানিয়েছে সাংবাদিক সমাজ। জাতীয় প্রেসক্লাবে ১৩৮ জন সদস্য গতকাল এক যুক্ত বিবৃতিতে জরুরী ভিত্তিতে যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এই দুইজনের জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ বাতিলের জন্য প্রেসক্লাব সভাপতির প্রতি আহবান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, জাতীয় প্রেসক্লাব পেশাজীবী সাংবাদিকদের একটি জাতীয় প্রতিষ্ঠান। এই ক্লাবের সদস্যরা অনেকেই মহান স্বাধীনতা যুদ্ধে, গণতান্ত্রিক আন্দোলন এবং সাংবাদিকদের অধিকার ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য সাহসী ভূমিকা রেখেছেন। সাংবাদিকদের মর্যাদাপূর্ণ এই জাতীয় প্রতিষ্ঠানে যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত কোন ব্যক্তি সদস্য থাকতে পারে না। এতে জাতীয় প্রেসক্লাব বিতর্কিত হচ্ছে এবং ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০১২ এর প্রাক্কালে যুদ্ধাপরাধীদের জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ বাতিলের বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনায় ঐক্যমত হয়। সেই ঐক্যমতের বাস্তবায়ন করা প্রেসক্লাব ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব। তাই এ বিষয়ে ক্লাব ম্যানেজমেন্ট কমিটির জরুরি সভা ডেকে ব্যবস্থা গ্রহণের জন্য ক্লাব কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হচ্ছে। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন হাবিবুর রহমান মিলন, রাহাত খান, গোলাম সারওয়ার, হাসান শাহরিয়ার, ইকবাল সোবহান চৌধুরী, এম শাজাহান মিয়া, আবেদ খান, মুনীরুজ্জামান, মুহাম্মদ শফিকুর রহমান, শ্যামল দত্ত, মঞ্জুরুল আহসান বুলবুল, শাহ আলমগীর, নঈম নিজাম, পীর হাবিবুর রহমান, আব্দুল জলিল ভূঁইয়া, ওমর ফারুক, আজিজুল ইসলাম ভুঁইয়া, আলতাফ মাহমুদ, কার্তিক চ্যাটার্জী, অশোক কুমার সিনহা, শাহেদ চৌধুরী, আশিষ সৈকত, জাহিদ রেজানুর, ইহসানুল করিম হেলাল, মৃণাল কৃষ্ণ রায়, সাইফুল আলম, আমিরুল মোমেনীন, মাহমুদ হাসান, অজিত কুমার সরকার, খায়রুজ্জামান কামাল, আবুল খায়ের প্রমুখ।