দামুড়হুদায় যুবলীগের দুই গ্রুপে সশস্ত্র সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৮
দামুড়হুদায় যুবলীগের জাহিদুুল গ্রুপ ও ইউসুফ গ্রুপের মধ্যে ভিজিডি কার্ড ভাগাভাগি নিয়ে শুক্রবার বিকেলে থানার ভিতরে সংঘর্ষে ইউপি মেম্বর জাহিদুুলসহ ৫ জন আহত হয়। এই ঘটনার জের ধরে শনিবার রাতে জাহিদুল গ্রুপের ৩০/৩৫ জন রাম দা, ডামা, হাত কুড়ালসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে ইউসুফ গ্রুপের লোকজনকে খুঁজতে থাকে। তারা বাজারে ইউসুফ গ্রুপের যাকে পায় তাকেই এলোপাতাড়ি মারধর ও কোপায়। এতে ইউসুফ গ্রুপের ১০ জন আহত হয়েছে। এরই জের ধরে গতকাল রবিবার যুবলীগের ইউসুফ গ্রুপ দামুড়হুদা বাজারে হামলা চালিয়ে একটি ট্রাক ও দোকানপাট ভাঙচুর করে। এসময় পুলিশের সাথে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটেছে। দামুড়হুদা বাজার দোকান মালিক সমিতির লোকজন অবরোধ কর্মসূচি পালন করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোকান মালিক সমিতির লোকজন একত্রিত হয়ে যুবলীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে ২ ঘন্টা অবরোধ করে। দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবিব জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী বলেন, ঘটনা শুনেছি, এএসপি সার্কেলকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঠিয়েছি।