দৌলতপুরে ৩ আগ্নেয়াস্ত্র গুলিসহ ২ বিএনপি ক্যাডার গ্রেফতার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৮
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া মোড় এলাকায় ৩টি আগ্নেয়াস্ত্রসহ ২ বিএনপি ক্যাডারকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব ও থানা পুলিশ জানায়, রবিবার বেলা ২টার দিকে র্যাব- ১২, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোসাদ্দেক ইবনে মুজিবের নেতৃত্বে তারাগুনিয়া মোড় এলাকার মোল্লা ফার্মেসির পিছনে তারাগুনিয়া গ্রামের মৃত আজগর আলী মোল্লার ছেলে আশরাফুল ইসলাম শিপুল মোল্লা (৪৪) ও গঙ্গারামপুর গ্রামের আলতাব মোল্লার ছেলে পিন্টু মোল্লাকে (৩৩) গ্রেফতার করে। তাদের কাছে একটি বিদেশি নাইন এমএম পিস্তল ও ২টি এলজি এবং নাইন এমএম পিস্তলের ৪ রাউন্ড গুলি ২টি ম্যাগজিন ও ২ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করেছে। র্যাব জানায়, গ্রেফতারকৃতরা অস্ত্র ব্যবসায়ী ও পেশাদার সন্ত্রাসী। প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্রেফতারকৃতরা স্থানীয় বিএনপি ক্যাডার ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার বডিগার্ড হিসাবে পরিচিত। থানায় মামলা হয়েছে।