গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টা। রাজধানীর শাহবাগের গণজাগরণ মঞ্চ। হাজারো জনতার উপস্থিতি। সবাই নীরব। কেউ কথা বলছেন না। শুধু শুনছেন। বঙ্গবন্ধুর ভাষণ শুনছেন। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। সেই একই উচ্চারণ রীতি। একই অঙ্গভঙ্গি।
পার্থক্য মাত্র দুটি। ১৯৭১ সালে রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যানে ) জনতার উদ্দেশে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর গতকাল ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি সেই ভাষণ হুবহু জনতার সামনে উচ্চারণ করলেন ছয় বছরের ছোট্ট শিশু অপূর্ব। কচি কণ্ঠে বঙ্গবন্ধুর ৭ই মার্চের বজ্রকণ্ঠের ভাষণ বজই উচ্চারণ করল সে।
গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে অপূর্ব যখন ‘ভাইয়েরা আমার’ বলে বক্তব্য শুরু করলেন মুগ্ধতার আবেশ ছড়াল তখন থেকেই। শ্লোগানরত তরুণরা নীরব হয়ে শুনলেন অমর সেই ভাষণ।
চট্টগ্রামের সাতকানিয়ায় জন্ম নেয়া ত্বাসিন তাজোয়ার অপূর্ব। ছয় বছরে পা রাখা এ শিশু অপূর্ব মমতায়ই উচ্চারণ করলেন বঙ্গবন্ধুর ভাষণ। তিনি উচ্চারণ করলেন-‘আজ দুঃখ-ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি-আজ ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও যশোরের রাজপথ আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়-তারা বাঁচতে চায়। তারা অধিকার পেতে চায়। নির্বাচনে আপনারা সম্পূর্ণভাবে আমাকে এবং আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন শাসনতন্ত্র রচনার জন্য। আশা ছিল জাতীয় পরিষদ বসবে, আমরা শাসনতন্ত্র তৈরি করবো এবং এই শাসনতন্ত্রে মানুষ তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি লাভ করবে। ..... প্রস্তুত থাকবেন, ঠাণ্ডা হলে চলবে না। আন্দোলন ও বিক্ষোভ চালিয়ে যাবেন। আন্দোলন ঝিমিয়ে পড়লে তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। শৃংখলা বজায় রাখুন। শৃংখলা ছাড়া কোন জাতি সংগ্রামে জয়লাভ করতে পারে না। আমার অনুরোধ, প্রত্যেক গ্রামে, মহল্লায়, ইউনিয়নে, আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম কমিটি গড়ে তুলুন। হাতে যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ্।
এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।’
ভাষনশেষে উপস্থিত জনতা শিশু অপূর্বকে অভিবাদন জানান। অপূর্বের বাবা ব্যবসায়ী আবুল কালাম আজাদ জানান, টেলিভিশনে বঙ্গবন্ধুর ভাষন শুনে অভিভূত হয় অপূর্ব। সেই থেকে নিজের অজান্তে যখনই সাত মার্চের ভাষন শুনেছে। তখনই মুখে আওড়িয়েছে। বই থেকে পড়েও সে এটি আত্মস্থ করেছে।
