বাংলাদেশের তরুণরা গণতান্ত্রিক পন্থায় তাদের দাবি জানাচ্ছে

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪২
সফররত শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মার্কিন সহকারী মন্ত্রী অ্যান স্টক বলেছেন, বাংলা-দেশের তরুণরা গণতান্ত্রিক পন্থায় তাদের দাবি জানাচ্ছে। যে কোন সমস্যা সমাধানে গণতান্ত্রিক আন্দোলনের বিকল্প নেই। গতকাল রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ‘শাহবাগ আন্দোলন’ সম্পর্কে তিনি এ মন্তব্য করেন। গতকাল ধানমন্ডির মাইডাস সেন্টারে এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস এন্ড দি আর্টসের ভলান্টিয়ার ফর বাংলাদেশের অনুষ্ঠানে যোগ দেন। ভলান্টিয়ার ফর বাংলাদেশের তরুণরা বাংলাদেশে নারী ও শিশুর যৌন নির্যাতন প্রতিরোধসহ নারীর ক্ষমতায়ন ও নারী অধিকার রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে চলেছে। এ অনুষ্ঠানে অ্যান স্টক তরুণদের উদ্দেশে বলেন, বাংলাদেশের তরুণরা সমাজ ও মানুষের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। পৃথিবীতে এমন কোন সমস্যা নেই যার সমাধান করা যায় না। দেশের মানুষের সঙ্গে সরকার একযোগে মিলে কাজ করলে যে কোন সমস্যাকে সমাধান করা সম্ভব। সমস্যা সম্পর্কে মানুষ জানে, এই সমস্যা সমাধানে শুধু তাদের সচেতন করে তুলতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘জাগো বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা করবী রাশেদ। নারী ও শিশুর যৌন নির্যাতনসহ নারীর ক্ষমতায়ন ও নারী অধিকার সম্পর্কে বাংলাদেশের অবস্থা ও তরুণদের কার্যক্রমের চিত্র তুলে ধরেন আফসান আহমেদ, খালেদ মাহমুদ, প্রিয়তা ইফতেখার, নদী রশীদ প্রমুখ।