একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের ফাঁসি বাস্তবায়ন এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন সংস্কৃতি কর্মীরা। গতকাল রবিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে তারা এই দাবি জানান। জোটের অন্যতম নেতা শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সোনারগাঁও চারুকারু ফাউন্ডেশনের মহাপরিচালক কবি রবীন্দ্র গোপ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, সাবেক ছাত্রনেতা বলরাম পোদ্দার, অরুন সরকার রানা, কবি মুহম্মদ আবদুল খালেক, ফাতেমা জামান সাথী, শাহ জামাল তোতা প্রমুখ।
বক্তারা বলেন, যারা যুদ্ধাপরাধীদের রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা করেছেন, মন্ত্রিসভায় স্থান দিয়েছেন তারা জাতীয় বেঈমান। এই বেঈমানদের রাজনৈতিকভাবে চিরতরে প্রতিহত করতে হবে। খালেদা জিয়ার উদ্দেশে বক্তারা বলেন, আপনি বাংলাদেশের মাটিতে নয় পাকিস্তানে গিয়ে রাজনীতি করুন। আর যুদ্ধাপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে লালন-পালন করার জন্য বাঙালি জাতির কাছে ক্ষমা চান। এ সময় তারা বিএনপিকে একাত্তরের পরাজিত শক্তিদের রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করেন।
