শাহবাগের গণজাগরণের উত্তাপ ক্রমেই ছড়িয়ে পড়ছে দেশের প্রত্যন্ত এলাকায়। গত কয়েকদিনের মতো গতকালও বিভিন্ন স্থানে বৈচিত্র্যময় কর্মসূচির মধ্যে দিয়ে যুদ্ধাপরাধীদের প্রতি ধিক্কার ও তাদের ফাঁসির দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদেরঃ
রাজশাহী অফিস ঃ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে রাজশাহী মহানগরীতে জনতার বিক্ষোভ, সমাবেশ অব্যাহত রয়েছে। দিনভর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মী এমনকি বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ শতশত সাধারণ মানুষ আলুপট্টির মোড়স্থ বঙ্গবন্ধু চত্বরে সমবেত হয়ে শ্লোগানের পাশাপাশি গণসঙ্গীত ও কবিতা পাঠ উপভোগ করেন। তবে আওয়ামী লীগ ও ১৪ দলের শীর্ষ নেতাদের সেখানে দীর্ঘ সময় অবস্থানের ফলে অনেক নিরপেক্ষ মানুষ কর্মসূচির কাছাকাছি এসে ফিরে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বরিশাল ঃ নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে ‘একাত্তর মঞ্চে’ এসে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, অমৃতলাল দে কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেছেন। গভীর রাত পর্যন্ত সেখানে চলছে গণসংগীত, আলোচনা সভা ও রাজাকারদের ফাঁসির দাবিতে অভিনব শ্লোগান।
রংপুর ঃ সকালে ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সামনে মানবন্ধন করেছে রংপুর মেডিক্যাল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও হাসপাতালের চিকিত্সকরা। সেখানে বক্তব্য রাখেন কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. জাকির হোসেন, ড. লাইক আহমেদ প্রমুখ। দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ জেলা শাখা। সমাবেশ শেষে সেখানে কাদের মোল্লার কুশপুত্তলিকা দাহ করা হয়। এছাড়া একই দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা মুক্তমঞ্চ নির্মাণ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আব্দুল জলিল মিয়া ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মুুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টুর নেতৃত্বে মুক্তমঞ্চ থেকে সন্ধ্যায় মশাল মিছিল করা হয়। মিছিল শেষে মেয়র ঝন্টু বিশ্ববিদ্যালয়ের পার্কের মোড়-এর নাম পরিবর্তন করে ‘মুক্তিযোদ্ধা চত্বর’ হিসেবে ঘোষণা দেন।
পিরোজপুর ঃ জেলার মুক্তিযোদ্ধা-ছাত্র ও বিভিন্ন পেশাজীবী অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল বিকেলে শহরের শহীদ ওমর ফারুক সড়কে এই কর্মসূচি পালন করা হয়। এসময় উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা গান গেয়ে সমাবেশে অংশগ্রহণকারীদের উজ্জীবিত করে তোলেন।
ভাণ্ডারিয়া ঃ স্থানীয় ভূমি অফিস সংলগ্ন সড়কে ‘জনতার মঞ্চ’ উদ্বোধন করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্মিত এ মঞ্চে এসে বিভিন্ন সংগঠন সংহতি প্রকাশ করে রাজাকারদের ফাঁসির দাবি জানান। মঞ্চে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত লাগাতার সভা-সমাবেশ ও গণসঙ্গীত অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।
টাঙ্গাইল প্রতিনিধি ঃ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শহরের নিরালা মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেছে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা, সাধারণ জনতা ও তরুণ সমাজ। সকালে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শহরে লাঠি মিছিল বের করা হয়। অবস্থান কর্মসূচিস্থলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত হয়ে সারাদিন গান, কবিতা পরিবেশন করেন। এদিকে একই দাবিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সকালে ক্লাস বর্জন করে ক্যাম্পাসে ও সমাবেশ করেন। এতে উপ-উপাচার্য মোহাম্মদ মনিরুজ্জামান বক্তব্য রাখেন।
শেরপুর ঃ ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় এবং মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে পৃথক সমাবেশ করে। মুুক্তিযোদ্ধা সংসদ সভা শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করে।
যশোর ঃ শহরের চিত্রামোড়ে সমাবেশে গতকালও প্রতিবাদী গান, কবিতা ও নাটক পরিবেশন করা হয়।
গাইবান্ধা ঃ শহরের পৌর পার্কের বিজয় স্তম্ভে চারদিন ধরে মুক্তিযুদ্ধের প্রজন্ম এর ব্যানারে গণজাগরণ কর্মসূচি অব্যাহত আছে। প্রতিদিন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মী, মুক্তিযোদ্ধা, শিক্ষক ছাত্রসহ সর্বস্তরের মানুষ বিজয় স্তম্ভে অবস্থান নিয়ে যুদ্ধাপরাধিদের ফাঁসির দাবি জানাচ্ছেন।
কুমিল্লা: দুপুরে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে মানববন্ধন করেছে ‘সময়’ নামের একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন।
মাগুরা: শহরের চৌরঙ্গী মোড়ে আয়োজিত সমাবেশে গণসংগীত হয়। প্রজন্ম ৭১ ও আবৃত্তি সংগঠন ‘কণ্ঠ বীথি’র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে।
চান্দিনা (কুমিল্লা): মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রজন্ম, চান্দিনা কণ্ঠ সাধন আবৃত্তি পর্ষদ ও সাংবাদিক সমাজের উদ্যোগে চান্দিনা ও দক্ষিণ দেবিদ্বার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাগুর বাস স্টেশন এলাকায় অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।
দেবিদ্বার (কুমিল্লা): উপজেলা সদরের মুক্তিযোদ্ধা চত্বরে ‘৭১-এর মুক্ত মঞ্চ’-এ যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য কুমিল্লা-৪ (দেবিদ্বার) নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান-এর কেন্দ্রীয় সভাপতি মো. হুমায়ুন কবির প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া: শহরের পৌর আধুনিক সুপার মার্কেট প্রাঙ্গণে সমাবেশ করেছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান। পরে জামায়াত নেতা কাদের মোল্লার কুশপুত্তলিকা দাহ করা হয়। এদিকে আখাউড়ার মটরস্ট্যান্ডে স্বাধীনতা প্রজন্ম মঞ্চে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মো. শাহ আলম মোমবাতি প্রজ্বলন করে কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন।
দিনাজপুর: দুপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল শিক্ষক ফোরামের উদ্যোগে মানববন্ধন পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীরা। এতে ভাইস-চ্যান্সেলর ও প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর মো. রুহুল আমিন, ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. বলরাম রায় প্রমুখ বক্তব্য রাখেন।
নোয়াখালী: জেলা শহর মাইজদীতে গণজাগরণ মঞ্চের ব্যানারে পতাকা মিছিল করেছে সর্বস্তরের জনতা। এছাড়া গত ৫ দিন ধরে প্রতিদিন বিকালে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা নাগরিক কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করছে।
ঠাকুরগাঁও: বালিয়াডাঙ্গী শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে স্থানীয় ঘাতক দালাল নির্মূল কমিটি। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দবিরুল ইসলাম এমপি। সেখানে তরুণ সমাজ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশ এবং কাদের মোল্লার কুশপুত্তলিকা দাহ করে।
মুন্সীগঞ্জ: সকালে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলার সর্বস্তরের মানুষ অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় মুক্তিযোদ্ধা ভিত্তিক নাটক ‘মাগো ওরা বলে’ মঞ্চস্থ হয় ও স্থানীয় শিল্পীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করেন।
গোপালগঞ্জ: জেলায় মানববন্ধন, বিক্ষোভ প্রতীকী ফাঁসি ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। সকালে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। সেখানে যুদ্ধাপরাধী কাদের মোল্লার প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়। এছাড়া একই দাবিতে হিন্দু ছাত্র মহাজোট জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। এসব কর্মসূচিতে বক্তারা যুদ্ধাপরাধীদের ফাঁসি নিশ্চিত করে তাদের লাশ পাকিস্তানে দাফনের দাবি জানান।
মেহেরপুর: স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কাদের মোল্লার কুশপুত্তলিকা দাহ করা হয়। সেখানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়নাল আবেদীন এমপি।
নরসিংদী: স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ চত্বরে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন নরসিংদী সদরের এমপি লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হীরু বীর প্রতীক, মনোহরদী-বেলাব আসনের এমপি এড, নূরুল মগিদ মাহমুদ হুমায়ূন, শিবপুরের এমপি জহিরুল হক মোহন পলাশের এমপি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ। মুক্তিযুদ্ধ কালীন গেরিলা কমান্ডার এনামুল হক প্রমুখ।
কালিয়াকৈর: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে কালিয়াকৈরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা।
বগুড়া: জেলার দুপচাঁচিয়ায় সিও বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে সম্মিলিত নাগরিক মঞ্চের সমাবেশে মুক্তিযোদ্ধাসহ শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মাথায় জাতীয় পতাকা বেঁধে অংশগ্রহণ করেন। জাতীয় পতাকা উত্তোলন করে এ কর্মসূচির উদ্বোধন করেন মুক্তিযুদ্ধকালীন বগুড়া জেলা মুজিব বাহিনী কমান্ডার মুক্তিযোদ্ধা এবিএম শাহজাহান।
ডিমলা (নীলফামারী): স্থানীয় শহীদ মিনারে ছাত্র-জনতার গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি ও মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমারখালী: ফুঁসে উঠেছে কুমারখালির তরুণ প্রজন্ম। তাদের একটিই দাবি ‘সকল যুদ্ধাপরাধীর ফাঁসি চাই’। এই দাবি আদায়ের জন্য দলমত নির্বিশেষে স্কুল, কলেজের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক-কর্মচারি, স্থানীয় রাজনীতিক, কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ সকালে গণমিছিলে অংশ নেন। মিছিল থেকে যুদ্ধাপরাধী বিরোধী লিফলেট বিতরণ করা হয়।
দাগনভূঞা (ফেনী): ভাষা শহীদ সালাম স্মৃতি বই মেলায় শনিবার রাতে আয়োজিত স্মৃতিচারণ ও আলোচনা সভায় বক্তারা কুখ্যাত রাজাকার কাদের মোল্লা ও চৌধুরী মইনুদ্দিনের ফাঁসির দাবি জানিয়েছেন। এছাড়া তারা শহীদ আবদুস সালামের জন্মস্থান সালাম নগরকে একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ভালুকা: সকালে ভালুকায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।
শ্রীপুর (গাজীপুর): দুপুরে স্থানীয় জৈনা বাজারস্থ আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয় কলেজের তিন শতাধিক শিক্ষার্থী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে কাদের মোল্লার ফাঁসির দাবি জানিয়েছে। এসময় সড়কের দুই পাশে দীর্ঘ জানজট সৃষ্টি হওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
মিরসরাই: বিকালে মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধ ও দ্রোহের কবিতা-গান আর সংগ্রামী স্লোগানে সকল যুদ্ধাপরাধীর ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়েছে।
কচুয়া (চাঁদপুর): শনিবার সন্ধ্যায় চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্ররা মশাল মিছিল বের করে। রবিবার পৌরসভাধীন বিশ্বরোড এলাকায় নতুন প্রজন্মের উদ্যোগে স্থাপিত হয়েছে ‘গণমঞ্চ’। গণমঞ্চে বিক্ষোভ, আলোচনা সভা ও নাটক মঞ্চস্থ করা হয়।
চট্টগ্রাম ঃ নগরীতে মানবন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহানগর শাখা। এসময় বক্তারা জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান। এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রেজাউল করিম তালুকদার।
বাকৃবি ঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য বিজয় ৭১’ এ স্থাপিত গণজাগরণ মঞ্চে সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে অবস্থান সমাবেশ হয়েছে। এতে বাকৃবি উপাচার্য মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো. রফিকুল হক, পবিপ্রবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেনসহ সকল শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উখিয়া (কক্ষবাজার) ঃ উপজেলা ভূমি অফিসের প্রবেশমুখে গণজাগরণ মঞ্চে অবস্থান নিয়েছে বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ। কাদের মোল্লার ফাঁসি না হওয়া পর্যন্ত তারা অবস্থান ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন।
