প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল রবিবার বিকেলে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাত্ করেছেন সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই। বৈঠককালে ভারতের পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রীকে জানান, সেদেশের পার্লামেন্টের নিম্ন কক্ষ লোকসভার চলতি অধিবেশনেই ১৯৭৪ সালের স্থল সীমান্ত চুক্তি অনুস্বাক্ষরের সকল প্রস্তুতি তাদের রয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বিজন লাল দেব এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রতিশ্রুত এক বিলিয়ন ডলার ঋণের মধ্যে বিশ কোটি মার্কিন ডলার অর্থ ছাড় সম্পর্কে রঞ্জন মাথাই বলেন, দ্রুত অর্থ ছাড়ের প্রক্রিয়া চলছে। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদের আসন্ন বাংলাদেশ সফর নিয়েও কথা বলেন রঞ্জন মাথাই। তিনি বিশ্বব্যাপী অটিজম সচেতনতা বিষয়ে প্রচারণা চালানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা হোসেনের প্রশংসা করেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ভারতের রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানানোর জন্য বাংলাদেশ অধির অপেক্ষায় আছে। বৈঠকে এ্যাম্বাসেডর- এ্যাট- লার্জ এম. জিয়াউদ্দিন, বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং ঢাকায় ভারতের হাইকমিশনার পঙ্কজ শরন উপস্থিত ছিলেন।
