ফ্যাশন

ভালোবাসার বর্ণিল সাজ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৫০
ভালোবাসা দিবস সবার জন্যই আনন্দের একটি দিন। এই দিনে মনটাও থাকে রঙিন। ফাগুন ও ভালোবাসার রঙে নিজেকে বর্ণিল সাজে সাজানো চাই পোশাক ও অনুষঙ্গে। ভালোবাসা দিবসের বর্ণিল সাজ নিয়ে আমাদের এই আয়োজন। ফ্যাশন ডিজাইনার ও রূপ বিশেষজ্ঞদের সাথে কথা বলে লিখেছেন খালেদ আহমেদ ফ্যাশন হলো সময়ের বাহন। তাই সময়কে ধরে রাখতে আপনার পোশাকের স্টাইল হওয়া চাই সময়োপযোগী। তাই ভালোবাসার দিনে পোশাক ও অনুষঙ্গে ফুটিয়ে তুলতে হবে সেই ভাবেই। ফ্যাশন হাউজ বিবিয়ানা কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার বলেন, ‘ভালোবাসার রঙ লাল। তাই বলে সবকিছু লাল পরলে ভালো লাগবে না। শাড়ি, ব্যাগ কিংবা জুতাসহ অন্যান্য দু-একটি অনুষঙ্গ রাখতে পারেন লাল রঙের। শাড়ি পরার ধরনে বাঙালিয়ানা আনতে পারলে ভালো হয়। চাইলে তাজা ফুল জড়াতে পারেন চুলে বা হাতে। জিন্স, ফতুয়া, টপস, সালোয়ার-কামিজের সঙ্গে কপারের বড় বালা সুন্দর লাগবে। আবার পোশাকটা লাল হলে অনুষঙ্গ একদম বাদও দিতে পারেন।’ হেয়ারোবিক্স ব্রাইডালের রূপ বিশেষজ্ঞ তানজিমা শারমিন মিউনি বলেন, ‘সকালে চুল ধুয়ে কন্ডিশন করে নিন। খোলা চুলে ওয়েভ কার্ল, স্পাইরাল করে নিতে পারেন। চাইলে কপাল ঘেঁষে চিকন বেণি করে নিতে পারেন। পনিটেইল, ফ্রেঞ্চ বেণিও ভালো লাগবে। যারা শাড়ি পরবেন, তারা হাতখোঁপা করে নিতে পারেন। হরেক রকম চুলের কাঁটা গুঁজে খোঁপায় তুলুন নতুন ছন্দ। খেয়াল রাখবেন, চুল যেন সব সময় পরিষ্কার ও টিপটপ দেখায়। ব্যাগে পাঞ্চ ক্লিপ ও ব্রাশ রাখবেন।’ হারমনি স্পা ও ক্লিওপেট্র বিউটি স্যালন-এর রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রিতা বলেন, ‘ভালোবাসা দিবসের মেকআপে চোখের সাজকে প্রাধান্য দিন। মুখের মেকআপ হবে হালকা। প্রথমে মুখে পাঁচ মিনিট ময়েশ্চারাইজার লাগিয়ে ত্বক নরম করে নিন। তারপর ফোঁটা ফোঁটা স্টিক ফাউন্ডেশন লাগিয়ে ভালোমতো মাখুন। হালকা ফেস পাউডার লাগান, তার ওপর পিচ কিংবা গোলাপি ব্লাশন বুলিয়ে নিন। হয়ে গেল সারা দিনের মেকআপ বেজ। চোখে স্মোকি সাজই চলছে এখন। তবে স্মোকি মানেই কালো নয়, তাতে যোগ হয়েছে হরেক রং। প্রথমে পানিরোধক কাজল চোখে টেনে নিন। শুধু কাজলরেখা ঘেঁষে সবুজ, বাদামি মেশান। নিচের পাতার ভেতরের অংশে ঘন কাজল দিয়ে নিচে বাদামি শ্যাডো টানুন। পাপড়িতে ঘন করে মাশকারা দিন। পুরো পাতায় শ্যাডো দিতে চাইলে কাজলের বদলে মোটা করে লাইনার টানুন। আর রাতের জন্য চোখে যেকোনো শ্যাডো পরতে পারেন। সে ক্ষেত্রে হাইলাইট হতে পারে সোনালি, বাদামি, রুপালি, পার্ল, তামাটে রঙের। চোখের কোণে একটু কালো শ্যাডো মিশিয়ে নিলেই গভীর হবে আপনার চোখের ভাষা। লেন্স পরতে পারেন। ত্বক বাদামি বা শ্যামলা হলে হ্যাজেল, বাদামি লেন্স ভালো মানাবে। ফরসা হলে বেছে নিন ছাই, নীল বা সবুজ রং। সারা দিনের জন্য ঠোঁট সাজাতে ফারজানা আরমানের পছন্দ পেন্সিল ম্যাট লিপস্টিক। দিন হোক আর রাত, লাল, কমলা কিংবা অন্য উজ্জ্বল রং আপনি বেছে নিতে পারেন।’