রূপকড়চা

হাতে ভালোবাসার ছোঁয়া

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৫২
ভালবাসি তাই ভালোবাসি যাই... ভালোবেসেছি, ভালোবাসি, ভালোবাসব... বিশেষ দিনটিতে এ কথাগুলো যতবারই বলা হোক না কেন, কমই মনে হয়। ভালোবাসাটা সব সময়ই গতদিনের চেয়ে বেশি, আগামী দিনের চেয়ে কম। ভালোবাসা দিবসে প্রিয়জনের হাত ছুঁয়ে থাকার ইচ্ছাটা সবার মনেই আসে। আর কিছু না হোক, এ ক্ষেত্রে ফুল হতে পারে অনন্য এক উপায়। প্রিয় মানুষটির হাত ফুলে ফুলে সাজিয়ে ছুঁয়ে থাকতে পারেন। তাই এবারের ভালোবাসা দিবসে প্রিয় মানুষকে ফুলটি দিতে পারেন একটু ভিন্ন স্টাইলে। এক গোছা ফুল দিয়েই সাধারণত ভালোবাসার কথাটি জানানো হয়। এবারও ফুল দিলেন, কিন্তু একটু অন্যভাবে। ফুল দিয়ে বানিয়ে নিতে পারেন ব্রেসলেট। একেবারে নিয়ে হাতেই পরিয়ে দিলেন। জানিয়ে দিলেন ভালোবাসার কথাটি। এক গোছা ফুল হাতে নিয়ে সারা দিন ঘুরে বেড়ানোও তো ঝামেলা। তার বদলে হাতে একটা সরু ব্রেসলেট মন্দ নয়। শুধু ভালোবাসার মানুষ কেন, বন্ধুরাও সবাই মিলে একই ধরনের ব্রেসলেট পরে ঘুরতে পারেন সারা দিন। বাজারে এখন অনেক ধরনের ফুল দেখা যায়। আকারে একটু ছোট এবং হাতের ওপর বসে থাকবে ভালো করে, এমন ফুল নেওয়াই ভালো। চন্দ্রমল্লিকা, জারবারা, পমপম, ক্যালেনডুলা এ ক্ষেত্রে চমত্কার মানাবে। স্নিগ্ধতা আনবে অর্কিড দিয়ে তৈরি করা ব্রেসলেটও। গোলাপও ব্যবহার করতে পারেন এ ক্ষেত্রে। তবে তা একটু ছোট আকারের হলে দেখতে ভালো লাগবে। বিশেষ দিনের সাজে এই ব্রেসলেটটি আনতে পারে অনন্য ছোঁয়া। তবে পরতে হবে একটু স্মার্টভাবে। দু-তিনটি ফুল দিয়ে বানালেই সুন্দর লাগবে। শুধু একটি গয়নাই পরুন। হাতে পরলে অন্য কোথাও আর দরকার নেই। ফুলের সঙ্গে চাইলে পুঁতিও যোগ করতে পারেন। সর্বোপরি আপনি চাইলেই পারেন প্রিয় মানুষটির হাতে আপনার ভালোবাসার ছোঁয়া পৌঁছে দিতে ফুলের বর্ণে গন্ধে। মডেল ঝিনুক ছবি এমএইচ মিশু