রান বন্যার অপেক্ষায় শচিন

আপডেট : ০৩ মে ২০১৯, ২১:১৮

স্পোর্টস ডেস্ক

এবারের বিশ্বকাপে নাকি বিস্তর রান হবে। এমন মন্তব্য করলেন স্বয়ং শচিন টেন্ডুলকার, যিনি নিজেই ছয়টা বিশ্বকাপ খেলেছেন। একটি প্রচারণামূলক অনুষ্ঠানে এসে টেন্ডুলকার বলেন, ‘বিশ্বকাপ যাচ্ছে একটা শুষ্ক গ্রীষ্ম মৌসুমে। এমনকি গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সূর্য চলে যাওয়ার পরও উইকেটগুলো ছিল চমত্কার। গরমে ইংল্যান্ডের উইকেট এমনিতেই ফ্ল্যাট থাকে। আমি নিশ্চিত যে, উইকেট হবে ব্যাটিং সহায়ক।’

তবে, আকাশে মেঘ থাকলে ব্যাটসমানদের একটু ঝক্কি পোহাতে হতে পারে বলে মনে করছেন তিনি। বললেন, ‘আমার মনে হয় না আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন না হলে কন্ডিশনে খুব বেশি পার্থক্য থাকবে। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে বল কিছুটা ঘুরতে পারে।’

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভারতের বেশ কয়েকজন দারুণ ফর্মে আছে। বিশ্বকাপের আগে এটাকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকেই দেখছেন শচিন। বললেন, ‘যে কোনো ফরম্যাটে ভালো পারফরমেন্স অবশ্যই একটা ভালো ব্যাপার। কেননা এটা একজন খেলোয়াড়কে আত্মবিশ্বাস যোগায়। যে কোনো ফর্মেটে আপনার আত্মবিশ্বাসটা গুরুত্বপূর্ণ। উন্নতি করতে কি করতে হবে—সেটা বুঝার জন্য সবাই যথেষ্ট ক্রিকেট খেলেছে।’