পুরোনো টুইট সার্চ করার সুবিধা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:১২
এর আগে এক সপ্তাহের বেশি পুরোনো টুইট খুঁজে পাওয়ার সুযোগ ছিল না টুইটারে। তবে সেই সুযোগটিই এবারে করে দিচ্ছে টুইটার। মাইক্রোব্লগিং এই সাইট থেকে এখন পুরোনো সব টুইট খুঁজে পেতে পারবেন টুইটার ব্যবহারকারীরা। সম্প্রতি একটি ব্লগের মাধ্যমে এই তথ্য জানিয়েছে টুইটার। সিনেটের তথ্য অনুযায়ী, টুইটার এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো এই ঘোষণা দিয়েছে। আর কেবল ওয়েবসাইট থেকেই নয়, মোবাইল প্ল্যাটফর্ম থেকেও এই সুবিধা ব্যবহার করা যাবে। সার্চ সুবিধাটির আপডেটের পাশাপাশি টুইটার সম্প্রতি আইফোন, আইপড এবং আইপ্যাডের জন্য তাদের সংস্করণের আপডেটও করেছে। একইসাথে অ্যানড্রয়েড সংস্করণের টুইটার অ্যাপ্লিকেশনেরও আপডেট করেছে তারা। পুরোনো টুইটগুলো সার্চ করতে যাতে সুবিধা হয়, সেই কথা মাথায় রেখেই নতুন এই আপডেটগুলো করেছে টুইটার। নতুন এই সুবিধা টুইটারের জনপ্রিয়তা আরও খানিকটা বাড়িয়ে তুলবে সকলের মাঝে, এমনটাই ভাবছে টুইটার কর্তৃপক্ষ।