পাবলিক কোম্পানি থেকে প্রাইভেট কোম্পানি হিসেবে ডেলকে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন প্রতিষ্ঠাতা মাইকেল ডেল। তবে সেই পরিকল্পনায় আপত্তি জানিয়েছে ডেলের শেয়ারধারীরা। ডেলের পরিচালনা পর্ষদের কাছে দেওয়া এক চিঠিতে ডেলের শেয়ারধারী সাউথইস্টার্ন অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও ম্যাসন হকিন্স জানিয়েছেন, প্রতিষ্ঠান হিসেবে ডেলের মূল্যমান ৪২ বিলিয়ন ডলারের চাইতেও বেশি। এই অবস্থায় যদি মাইকেল ডেল ২৪.২ বিলিয়ন ডলারে ডেলকে কিনে নিতে চান, তাহলে সাউথইস্টার্ন তার প্রতিবাদ জানাবে। এর আগে মাইকেল ডেল তার প্রস্তাবে ডেলের শেয়ারধারীদের প্রতিটি শেয়ারের বিপরীতে ১৩.৬৫ ডলার প্রদানের প্রস্তাব করেছিলেন। তবে সাউথইস্টার্নের দাবী, মাইকেল ডেল যদি ডেলকে কিনে নিতে চান, তাহলে তাকে শেয়ারপ্রতি ২৩.৭২ ডলার করে দিতে হবে।
