রবিবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত কে স্পোর্টস স্কুল ফুটবল ফাইনালে সিলেটের জৈন্তাপুরের সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় ২-০ গোলে সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আহমদ আলী এবং সালেহ আহমদ গোল করেন। চ্যাম্পিয়ন দল ৩০ হাজার, রানার্স-আপ দলকে ২০ হাজার এবং ফাইনালের সেরা খেলোয়াড় চ্যাম্পিয়ন দলের আহমদ আলীকে ১ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে এবং কে স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় ও সিলেট জেলার ২০টি মাধ্যমিক স্কুল নক-আউটের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
প্রথমবারের মতো সিলেট জেলা স্টেডিয়ামে কে স্পোর্টস স্কুল ফুটবল লিগ অনুষ্ঠিত হলো। সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে ফাইনালে পুরস্কার বিতরণ করেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) অতিরিক্ত সচিব মৃণাল কান্তি দেব। বাফুফের সদস্য সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট ডিএফএ’র সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিমসহ অন্যান্য অংশগ্রহণকারী দল এবং বিভিন্ন জেলা-উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
