জয়ে ফাইনালের পথে আর্সেনাল
স্পোর্টস ডেস্ক
চেলসি ইউরোপা লিগের সেমিফাইনালে আইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্টের মাঠে ১-১ গোলে ড্র করে প্রতিযোগিতাটিতে টানা ১৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে। অপরদিকে আর্সেনাল নিজেদের মাঠে ভ্যালেন্সিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে লিগটির ফাইনালের পথে এগিয়ে থাকলো।
জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্ট ম্যাচের ২৩ মিনিটেই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার নজরে থাকা স্ট্রাইকার লুকা জোভিচের লক্ষ্যভেদে এগিয়ে যায়। চলতি মৌসুমে সার্বিয়ান স্ট্রাইকারের ২৬তম গোল এটি। কোচ মাউরিজিও সারির দল বিরতির ঠিক আগে পেদ্রো রদ্রিগেজের গোলে সমতায় ফেরে।
দ্বিতীয়ার্ধে দারুণ খেললেও জয়সূচক গোলের দেখা পায়নি কোচ সারির দল। প্রতিপক্ষের মাঠে ড্রয়েই সন্তুষ্ট চেলসি অধিনায়ক চেজার অ্যাজপ্লিকুয়েতা। তিনি বলেন, ‘শুরুতে আমরা কিছুটা সমস্যায় পড়েছিলাম। আমি মনে করি প্রথমার্ধের শেষ ১৫ মিনিটে আমরা দারুণ কিছু সুযোগ সৃষ্টি করে আধিপত্য বিস্তার করছিলাম। বিরতির আগেই গোলটা করলাম। আমার মনে হয় দ্বিতীয়ার্ধে তাদের চেয়ে বেশি সুযোগ সৃষ্টি করেছিলাম আমরা।’
উভয় দলই নিজেদের ঘরোয়া লিগে বর্তমানে চতুর্থ অবস্থানে আছে। এই অবস্থান ধরে রাখলে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হবে তাদের। তবে কোনো কারণে নিজ নিজ লিগ থেকে উত্তীর্ণ হতে ব্যর্থ হলে তাদের চ্যাম্পিয়ন্স লিগে আসার বিকল্প পথ হতে পারে ইউরোপা লিগ জয়। তাই ফাইনালে ওঠার সুবাদে সে সম্ভাবনা বাঁচিয়ে রাখতে চাইবে চেলসি ও ফ্রাঙ্কফুর্ট। সঙ্গত কারণেই আগামী বৃহস্পতিবার স্ট্যামফোর্ড ব্রিজের ফিরতি লেগটি হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
আর্সেনাল সেমিফাইনালের অন্য ম্যাচে শুরুতে বিপদেই পড়ে গিয়েছিল। ১২তম মিনিটে সফরকারী ভ্যালেন্সিয়াকে এগিয়ে দেন ফরোয়ার্ড মুক্তার দিয়াখাবি। এরপর ১৮ ও ২৫ মিনিটে গানার ফরোয়ার্ড আলেক্সান্দার লাকাজেত জোড়া গোল করলে লড়াইয়ে ফেরে আর্সেনাল। ৯০ মিনিটে পিয়েরে এমেরিক অবামেয়াঙ গোল করলে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কোচ উনাই এমেরির দল।
দুই গোলের ব্যবধানে জিতলেও আর্সেনালের স্প্যানিশ কোচকে দুর্ভাবনায় রেখেছে ভ্যালেন্সিয়ার ‘অ্যাওয়ে গোল’। ফলে এখনো লড়াইটিকে উন্মুক্তই দেখছেন তিনি। এমেরির ভাষায়, ‘আমরা ধারণা করছি খেলাটা কঠিনই হবে। প্রতিপক্ষের মাঠে ফিরতি লেগ খেলতে হবে আমাদের। দুই দলেরই এখনো ৫০-৫০ সম্ভাবনা রয়েছে। প্রথম লেগে ঘরের মাঠে এই জয় ভালো ফলাফল। কিন্তু দ্বিতীয় লেগটা খুব কঠিনই হবে এবং সম্ভবত অনেক ভিন্নও হতে যাচ্ছে।’
