টানা পাঁচটি পেশাদার লিগের আসরে খেলে পুরান ঢাকার ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব গত আসরে রেলিগেশনের কবলে পড়ে যায়। গতকাল আবার তারা পেশাদার লিগে ফেরার তাড়ায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের উদ্বোধনী ম্যাচে ১-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। পিন্টু দাস খেলার একমাত্র গোলটি করেন। শেষবার এই মাঠে তারা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারিয়েছিল। প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবলের দ্বিতীয় আসর গতকাল শুরু হয়েছে। আট দল লড়াই করছে পেশাদার ফুটবলের মূল আসরে উঠার লক্ষ্য নিয়ে। ম্যাচটা শুরু হওয়ার আগে চট্টগ্রাম আবাহনীর বড় কর্তা সামশুল হক চৌধুরী এমপি স্টেডিয়ামে এসে ঘোষণা দিয়েছিলেন ম্যাচ জিতলে একলাখ টাকা বোনাস দেয়া হবে খেলোয়াড়দের। কিন্তু তার দল ভাগ্য বিপর্যয়ে পড়ে ম্যাচটা হেরে গেল। ভালোই খেলছিল এক সময়ের পেশাদার লিগের দল চট্টগ্রাম আবাহনী। কিন্তু ম্যাচের ৫৪ মিনিটে পাওয়া পেনাল্টি শট থেকে গোল করতে পারেননি ফরাশগঞ্জের জহিরুল ইসলাম।
ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব গত বছর স্বাধীনতা কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে তারা শেখ রাসেল, শেখ জামাল এবং আবাহনীকে হারিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত লিগে এসে একের পর এক ম্যাচ হেরে অবনমনের কবলে পড়ে। তাদের সাথে একই পথের যাত্রী হয়েছিল ফরাশগঞ্জের প্রতিবেশী দল রহমতগঞ্জ। ফরাশগঞ্জ ক্লাব কর্মকর্তারা জানিয়েছেন সাংগঠনিক দুর্বলতার কারণেই এমনটি হয়েছিল। এবার তারা আবার পেশাদার লিগে ফিরতে চান। কাল লিগের উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সাথে ছিলেন লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, ডেপুটি চেয়ারম্যান আবদুর রহীম, প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তারা ছিলেন।
আজকের খেলা ঃ রহমতগঞ্জ ও ভিক্টোরিয়া, বঙ্গবন্ধু স্টেডিয়াম, চারটা।
