নেত্রকোনায় ডিসি গোল্ডকাপে সদর উপজেলা চ্যাম্পিয়ন

আপডেট : ০৩ মে ২০১৯, ২১:২৩

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবলের ফাইনালে নেত্রকোনা সদর উপজেলা ৪-০ গোলে আটপাড়া উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে নেত্রকোনা আধুনিক স্টেডিয়ামে এই ফাইনাল অনুষ্ঠিত হয়। সাইফ জোড়া গোল করেন। অপর দুটি গোল  করেন রাজীব ও সোহেল। ফাইনাল শেষে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মঈনউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম, আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সাইদুর রহমান, সহ-সভাপতি এইচ আর খান পাঠান সাকি।