নবীগঞ্জ উপজেলার রৌয়ার খাড়ার স্লুইসগেটে পানি নিষ্কাশন না হওয়ায় ২ থেকে ৩ হাজার একর জমির ফসল ফলানো নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে কয়েকটি গ্রামের কৃষক। কৃষকরা এ ব্যাপারে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন জানিয়েছে।
নবীগঞ্জ উপজেলার তারনগাঁও, মিল্লিক, হালিতলা, বেরীগঞ্জ, বারিকান্দি, রাইয়াপুরসহ অন্যান্য গ্রামের কৃষকরা তাদের আবেদনে উল্লেখ করেন, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নসহ আশপাশের গ্রামের কৃষকদের খাদ্যের একমাত্র শস্য ভান্ডার রৌয়ার হাওর। কিন্তু এ বছর অদ্যাবধি বেড়ির হাওর সংলগ্ন স্লুুইস গেট দিয়ে পানি নিষ্কাশন না হওয়ার উল্লেখিত পরিমাণ জমিতে বর্তমানে হাঁটু থেকে কোমর পানি বিদ্যমান থাকায় তাতে হাল চাষ করা সম্ভব হচ্ছে না।
