চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ক্লাসরুমে ঢুকে ছুরিকাঘাত ও আরেক শিক্ষার্থীকে ব্যাপক মারধর করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা-কর্মীরা। আহত শিক্ষার্থীরা হলেন রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী পলাশ কুমার রায় (ছুরিকাহত) ও ইয়াকুব আলী। আহতদের মধ্যে পলাশ কুমার রায়কে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০৭ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী রাজনীতি বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ক্লাস রুমে ঢুকে ইয়াকুব আলীকে মারধর করতে থাকে। এসময় ইয়াকুবের বন্ধু পলাশ কুমার রায় তাকে বাঁচাতে গেল হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে পলাশ কুমারের পেটে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এসময় বিভাগের জ্যৈষ্ঠ শিক্ষক অধ্যাপক সিদ্দিক আহমেদ চৌধুরী এসে পলাশ কুমারকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়ে দেন। রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক সিদ্দিক আহমেদ চৌধুরী বলেন, ক্লাসরুমে এ ছাত্রলীগের কিছু নেতা-কর্মী এসে আমার ছাত্র পলাশকে ছুরিকাহত এবং ইয়াকুবকে ব্যাপক মারধর করেছে। এ ব্যাপারে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর জিয়াউর রহমান খান বলেন, বিষয়টি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে শুনেছি। সুষ্ঠু তদন্তশেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
