হরিপুর সীমান্তে ভারতীয় চোরাচালানীদের বিজিবির অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৪
গতকাল সোমবার ভোরে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার চাপাশার সীমান্তের গোবিন্দপুর গ্রামে একদল ভারতীয় চোরাচালানী ১৪ বস্তা সার ও আধাবস্তা ফেন্সিডিলসহ অনুপ্রবেশ করলে টহলরত বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। চোরাচালানীরা টহলরত বিজিবি সদস্যদের ওপর চড়াও হয় এবং অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যরা নিরুপায় হয়ে চার রাউন্ড গুলি ছোঁড়ে। ফলে একজন ভারতীয় চোরাচালানী আহত হয়। অন্য চোরাচালানীরা আহত সঙ্গীকে নিয়ে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে রেখে পালিয়ে যায়। ঘটনার পর ভারতীয় বিএসএফ সীমান্তে লাল পতাকা উড়িয়ে রেড এলার্ট জারি করে। অপরাহ্নে বিএসএফ কাঁটাতারের বেড়ার কাছে পড়ে থাকা লাশ নিয়ে যায়। বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকে বিষয়টি সন্তোষজনক নিষ্পত্তি হয়েছে বলে দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমদাদুল হক পিএসসি জানান।