নারী প্রিমিয়ার ক্রিকেট বৃষ্টিতে সব ম্যাচ পরিত্যক্ত

আপডেট : ০৩ মে ২০১৯, ২১:২৭

স্পোর্টস রিপোর্টার

নারী ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে গতকাল তিনটি ম্যাচই বৃষ্টিতে পণ্ড হয়েছে। প্রতিটি ম্যাচেই আংশিক খেলা হয়েছে। কিন্তু দুপুরের পর শুরু হওয়া ঝড়, বৃষ্টির কারণে কোনো ম্যাচই সমাপ্ত হয়নি। সবগুলো ম্যাচই পরিত্যক্ত হয়।

গতকাল বিকেএসপির দুই নম্বর মাঠে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ-কলাবাগান ক্রীড়া চক্রের ম্যাচে আগে ব্যাট করে রূপালী ব্যাংক ১০ ওভারে বিনা উইকেটে ৬৩ রান করেছিল। কিন্তু পরে ব্যাটিংয়ে নামতে পারেনি কলাবাগান।

একই ভেন্যুর তিন নম্বর মাঠে আবাহনী-বিকেএসপির ম্যাচে আগে ব্যাট করে আবাহনী ৩২ ওভারে চার উইকেটে ১৫৪ রান তুলেছিল। শারমিন সুলতানা ৫৬, শামীমা সুলতানা ৪৫, ববিতা মিনা অপরাজিত ২৩, শিরোমালা অপরাজিত ১২ রান করেন।

জবাবে বিকেএসপি ৮ ওভারে এক উইকেটে ৭৮ রান তুলতেই বৃষ্টি নামে। তাতেই পণ্ড হয় ম্যাচ। হ্যাপি অপরাজিত ২৮, সোবহানা মোস্তারি অপরাজিত ৩৯ রান করেন।

বিকেএসপির চার নম্বর মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বাংলাদেশ আনসার ও ভিডিপি ৩৬ ওভারে সাত উইকেটে ১০৮ রান করেছিল। শাহনাজ পারভিন ৪২, তিথি রানী অপরাজিত ২১ রান করেন।

জবাবে খেলাঘর ৮ ওভারে বিনা উইকেটে ৩৬ রান তোলার পর বৃষ্টি শুরু হয়।