পোপ ষোড়শ বেনেডিক্ট স্বাস্থ্যগত কারণে রোমান ক্যাথলিক চার্চের প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। গতকাল সোমবার অপ্রত্যাশিত এক ঘোষণায় পোপ বলেন, ৮৫ বছর বয়সে এই দায়িত্ব পালন করার মত যথেষ্ট শক্তি আর তার নেই। আগামী ২৮ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করবেন। তার উত্তরসূরি নির্বাচন না করা পর্যন্ত এই পদটি শূন্য থাকবে। ভ্যাটিকান থেকে বলা হয়েছে, অল্পদিনের মধ্যেই এই পদটি পূরণ করা হবে। খবর বিবিসি ও রয়টার্সের।
রোমান ক্যাথলিক চার্চের ইতিহাসে পোপ পদত্যাগের চতুর্থ ঘটনা এটি। শেষবার পোপের পদত্যাগের ঘটনা ঘটেছিল ১৪১৫ সালে। ২০০৫ সালে পোপ দ্বিতীয় জন পলের মৃত্যুর পর পোপ হিসেবে অভিষিক্ত হন জার্মান ধর্মযাজক জোসেফ রাটজিঙ্গার। পোপ হয়ে ষোড়শ বেনেডিক্ট নাম গ্রহণ করেন।
গতকাল এক বিবৃতিতে পোপ বেনেডিক্ট বলেছেন, ঈশ্বরের কাছে আমার বিবেককে বারবার প্রশ্ন করার পর আমি দৃঢ়ভাবে নিশ্চিত হয়েছি, আমার বার্ধক্য এই পদে দায়িত্ব পালনের পরিপন্থী হয়ে উঠেছে। আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতিতে যখন ধর্মবিশ্বাসের প্রাসঙ্গিকতা নানা প্রশ্নের মুখে, তখন এই দায়িত্ব পালনের জন্য মনের এবং শরীরের জোর দুটোই জরুরি। গত কয়েক মাসে এই দুই ক্ষেত্রেই আমি শক্তি হারিয়ে ফেলেছি এবং বুঝতে পারছি আমার ওপর ন্যস্ত দায়িত্ব বিশ্বস্ততার সঙ্গে আমি পালন করতে অপারগ হয়ে পড়ছি। ভ্যাটিকানে এক বৈঠকের সময় পোপ বেনেডিক্ট তার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত তিনি পুরোপুরি স্বাধীনভাবেই নিয়েছেন। তার এই সিদ্ধান্তের বিষয়ে আগে কোনো আভাস পাওয়া যায়নি। অনেকেই এতে বিস্মিত হয়েছেন।
