নিহতদের সবাই গাজীপুরের

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৫
চট্টগ্রামের মাইজভান্ডার শরীফ জিয়ারত করার পর গতকাল সোমবার ভোরে কক্সবাজারে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হতভাগ্য ১৮ জনের সকলের বাড়ি গাজীপুর সদর উপজেলার হাড়িনাল ও নোয়াগাঁও গ্রামে। নিহতদের মধ্যে একই পরিবারের তিন মহিলাসহ পাঁচজন সদস্য রয়েছেন। শনিবার রাতে গাজীপুর জেলা শহর থেকে দুটি বাসযোগে চট্টগ্রামের মাইজভান্ডার শরীফ জিয়ারত করতে যান এই এলাকার শতাধিক নারী-পুরুষ-শিশু। সোমবার সকালে একটি বাস গাজীপুর ফিরে এলেও অপর বাসের যাত্রীরা মাইজভান্ডার শরীফ জিয়ারতশেষে রবিবার রাত দুইটার দিকে সাগর দেখতে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। বাসটি গতকাল সোমবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চকোরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙ্গে মাতামুহুরী নদীতে পড়ে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় এ প্রাণহানির ঘটনা ঘটে। সোমবার সকালে এ খবর গাজীপুর সদর উপজেলার হাড়িনাল ও নোয়াগাঁও গ্রামে পৌঁছলে সব পরিবারে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা। একসাথে এতোগুলো প্রাণ অকালে ঝরে যাওয়ায় শোকে স্তব্ধ হয়ে পড়েছেন নিহতের পরিবারের সদস্য ছাড়াও এলাকার সর্বস্তরের মানুষ। নিহতদের মধ্যে নোয়াগাঁও গ্রামের একই পরিবারের স্বামী, দুই স্ত্রী, কন্যাসহ পাঁচ জন মারা গেছেন। নোয়াগাঁও গ্রামের মৃত মোহর আলীর ছেলে ফুলু মিয়া জানান, তার পরিবারের বড়ভাই লালমিয়া, তার দুই স্ত্রী জয়নব ও মিফজা, মেয়ে শিউলী ও ছোট ভাই আ. রশিদ নিহত হয়েছেন।