গণজাগরণ মঞ্চ সম্পর্কে জানতে চেয়েছে জার্মান সংসদীয় প্রতিনিধি দল

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৬
বাংলাদেশে সফররত জার্মান সংসদীয় প্রতিনিধি দল শাহবাগ মোড়ে তরুণ প্রজন্মের আন্দোলন সম্পর্কে স্পিকার মো. আবদুল হামিদের কাছে জানতে চেয়েছেন। গতকাল সোমবার জার্মান সংসদীয় প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে স্পিকারের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাতের সময় তারা এ বিষয়ে প্রশ্ন করেন। সংসদ সচিবালয় জানায়, স্পিকার প্রতিনিধি দলকে বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধাপরাধী ছিলো তাদের ফাঁসির গণদাবি উঠেছে। এই দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চের সঙ্গে জাতীয় সংসদ তার একাত্মতা প্রকাশ করেছে। স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালে প্রথম সরকার গঠনের পর সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার বিচার এবং যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ গ্রহণ করা হয়। পরবর্তীতে ২০০৮ সালের নির্বাচনে মহাজোট বিজয়ী হয়ে সরকার গঠনের পর বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর এবং জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে যুদ্ধাপরাধীদের বিচারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর সে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া চলছে। বৈঠকে বাংলাদেশ-জার্মান সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি আ স ম ফিরোজ, সুবিদ আলী ভূঁইয়া, শফিকুর রহমান চৌধুরী, গোলাম দস্তগীর গাজী, এবিএম আনোয়ারুল হক, মো. ইসরাফিল আলম, মনোয়ার হোসেন চৌধুরী ও আবদুছ সাত্তার উপস্থিত ছিলেন। যোসেফ উইন্ক্লারের নেতৃত্বে জার্মান প্রতিনিধি দলে ছিলেন কারিন ইভারস মায়ার, হোলজার ওরটেল, জোহানিজ ফ্লোগ ও ড. বিরগিট রেইনিমন্ড।