উত্তরা থেকে সাঈদীর ছেলে শামীমসহ ৪ জন আটক

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৬
নাশকতার পরিকল্পনার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মেজ ছেলে শামীম হোসাইন সাঈদীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার সঙ্গে থাকা তিন সহযোগীকেও আটক করা হয়। গতকাল সোমবার দুপুরে উত্তরা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে ইত্তেফাককে জানিয়েছেন উত্তরা বিভাগের উপ-কমিশনার নিশারুল আরিফ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান ইত্তেফাককে জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শামীম সাঈদী এবং তার সহযোগী মোশারফ হোসেন, আব্দুর রশিদ ও হাবিবুর রহমানকে আটক করা হয়েছে। হাবিবুর রহমান শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মোশারফ হোসেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার শিক্ষক ও আবদুর রশিদের কলম্বিয়া ট্যুরস এন্ড ট্যাভেলস নামে একটি প্রতিষ্ঠান রয়েছে।