আজ মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল এক বিবৃতিতে বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সরকার গঠিত ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম প্রভাবিত করার উদ্দেশ্যেই সরকার পরিকল্পিতভাবে সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের ইচ্ছানুযায়ী ট্রাইব্যুনালকে রায় দিতে বাধ্য করার জন্য ঢাকা মহানগরীর শাহবাগ ও দেশের অন্যান্য স্থানে তাদের নিজেদের দলের লোকদের সমবেত করে উস্কানিমূলক অশ্লীল বক্তব্য-বিবৃতি দিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেয়ার ষড়যন্ত্র করছে। ট্রাইব্যুনাল ভেঙ্গে দেয়া, সরকারের জুলুম-নির্যাতন বন্ধ, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দসহ বিরোধী দলের সব নেতাকর্মীর মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার বিধান সংবিধানে পুনর্বহাল করা ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আজ মঙ্গলবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি।
