সদর উপজেলার রাধাপুরে গতকাল সোমবার সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছে।
হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল বিক্ষুব্ধ আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীরা লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের জকসিন বাজার এলাকায় সড়ক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হয়।
নিহতের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী জানায়, শ্রীরামপুর গ্রামের মফিজ উল্লার ছেলে প্রবাসী মেহেদী হাসান গত দেড় মাস আগে ছুটিতে বাড়ি আসে। জমি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে দত্তপাড়ার শামিম বাহিনীর প্রধান শামীম পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে শামীম বাহিনী তাকে হত্যা করেছে বলে তারা অভিযোগ করেন।
সদর থানার ওসি (তদন্ত) ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় নিহতের পিতা ১২ জনের নাম উল্লেখ করে আরও ১০/১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলা এজাহারভুক্ত আসামি ওয়াজী উল্লাহ ও মো: সফিক উল্লাকে গতকাল রাধাপুর এলাকা থেকে গ্রেফতার করেছে।
