প্রতিদিন মেলায় আসছে হরেকরঙা নতুন নতুন বই। এসব বই দেখলেই পাতা উল্টাতে ইচ্ছে করে এবং পড়তে ইচ্ছে করে। আমরা জানি বই হলো আমাদের প্রকৃত বন্ধু এবং জ্ঞানের ভাণ্ডার। এখন অমর একুশে উপলক্ষ্যে প্রকাশিত কিছু নতুন বইয়ের সংগে তোমাদের পরিচয় করিয়ে দেই।
বনের রাজা শেয়াল হাশেম খানের ছবি গল্পের একটি বই। বইটি পাতায় পাতায় তারই আঁকা রঙিন ছবি। দুটো গল্প দিয়ে সাজানো হয়েছে বইটি। গল্প দুটো হলো- শেয়াল খায় পাকা কাঁঠাল ও বনের রাজা শেয়াল। ভারি মজার গল্প দুটো। বইটি ছাপা হয়েছে চন্দ্রাবতী একাডেমী থেকে। মূল্য একশত বিশ টাকা।
বইমেলা উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে ছড়া-লেখক জাহাঙ্গীর আলম জাহানের ছড়ার বই ছড়া কত কড়ারে। বইটিতে অনেকগুলো সমাজ বাস্তবতার ছড়া সংকলিত হয়েছে। ভেতরে অলঙ্করণ থাকলে ভালো হতো। এটি ছাপা হয়েছে ঢাকার শাহবাগস্থ পলিল প্রকাশনী থেকে। প্রচ্ছদ লেখকের আঁকা। মূল্য একশত টাকা।
শিশু-কিশোরসমগ্র খন্দকার মাহমুদুল হাসানের লেখা। মোট ৪৮টি বিভিন্ন ধরনের গল্প বইটিতে স্থান পেয়েছে। গল্পের বিভাজন সূচিপত্রে উল্লেখ করা হয়েছে। গল্পগুলো অসাধারণ আকর্ষণীয়। বইটি ছাপা হয়েছে বাংলাবাজারের অক্ষর প্রকাশনী থেকে। মূল্য তিনশত টাকা একটু বেশি হয়েছে।
মাঠের ছবি ঘাটের ছবি একখানি ছড়া-কবিতার বই। এটি লিখেছেন হাসনাত আমজাদ। অনেকগুলো ছড়া-কবিতা এতে স্থান পেয়েছে। ভেতরের অলঙ্করণগুলো এমএ কাইউমের আঁকা এবং আকর্ষণীয়। বইটি প্রকাশ করেছে বাংলা প্রকাশ। মূল্য একশত টাকা।
বই ভরা ভূত রণক ইকরামের ভূতকে নিয়ে ছড়া-কবিতা। ভূত নেই অথচ কল্পনায় ভূত এঁকে ভূতোমি করা হচ্ছে সেই আদিকাল থেকেই। সংকলিত ছড়া- কাবিতাগুলো মন্দ নয় এবং অলঙ্করণ ভারি সুন্দর। বহুরঙা এই বইটির প্রচ্ছদ নাজমুল আলম মাসুমের আঁকা। বইটি প্রকাশিত হয়েছে বাংলাবাজারের ক্রাট প্রকাশ থেকে। মূল্য আশি টাকা।
বন নাচে মন নাচে একখানা চমত্কার ছড়া-কবিতার বই। এটি জিয়া হকের লেখা। বইটি সংকলিত হয়েছে অনেকগুলো ছড়া-কবিতা নিয়ে। এগুলো অলঙ্করণকৃত। সবুজ সবুজ মনটা অবুঝ, হাসনা হেনা, প্রজাপ্রতির ডানায় আঁকা, বঙ্গবন্ধু ফুল-পাখি শীর্ষক লেখাগুলো খুবই সুন্দর। এটি প্রকাশিত হয়েছে ঢাকার যাত্রাবাড়ি মুক্ত প্রকাশ থেকে। মূল্য একশত টাকা।
প্রিয় রাইয়ান একখানি ছড়া-কবিতার সংকলন। এটি সম্পাদনা করেছেন আবিদ করিম মুন্না ও রাবেয়া সরকার রত্না। রাইয়ানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্নজনের ছড়া-কবিতা বইটিতে সংকলন করা হয়েছে। রাইয়ানকে নিয়ে যারা লিখেছেন তারা হলেন: অসীম সাহা, আখতার হুসেন, আবু সালেহ আল মাহমুদ, আমীরুল ইসলাম, আসলাম সানী, এনায়েত রসুল, ওয়াসিফ-এ-খোদা, চন্দন কৃষ্ণ পাল, জাহাঙ্গীর আলম জাহান, ফারুক নওয়াজ, মালেক মাহমুদ, রফিকুল হক, সোহরাব পাশা, সুকুমার বড়ুয়া, শেখ তোফাজ্জল হোসেন, লুত্ফর রহমান রিটন, সানিউল হক মোল্লা, শাহাবুদ্দীন নাগরী প্রমুখ। প্রচ্ছদ মাহবুবের আঁকা। এটি ছাপা হয়েছে টইটম্বুর প্রকাশনী থেকে। মূল্য দুইশত টাকা।
রোকসানা ফেরদৌস
