চট্টগ্রামে জিপিএইচ সাঁতার
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামে জিপিএইচ ইস্পাত সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম আউটার স্টেডিয়াম সংলগ্ন জেলা ক্রীড়া সংস্থার নবনির্মিত আধুনিক সুইমিংপুলে অনুষ্ঠিত দিনব্যাপী সাঁতারে সর্বাধিক ৩২ পয়েন্ট পেয়ে এই কৃতিত্ব দেখায় দলটি।
ব্রাদার্সের কৃতী সাঁতারু অমিত হাসান ও মেহরাব হোসেন হূদয় যথাক্রমে চারটি ও তিনটি স্বর্ণপদক পেয়ে সেরা হয়েছেন। প্রতিযোগিতার আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিঃ ফ্রি স্টাইলে প্রথম হয়েছেন ইউনাইটেড ক্লাবের আমিরুল।
এই ইভেন্টের অন্য দুই বিজয়ী সাঁতারু হলেন ফিরিঙ্গী বাজার লাকি স্টার ক্লাবের মিনহাজুল ও বার্ডস ক্লাবের রফিকুল।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাঁতার কমিটির ব্যবস্থাপনায় এবং জিপিএইচ ইস্পাতের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতায় ২৪টি দল অংশ নেয়। কিন্তু ব্রাদার্স ছাড়া পুলে অন্য কোনো দলের সাঁতারুদের নৈপুণ্য আকৃষ্ট করার মতো ছিল না।
এ কারণেই ৮ পয়েন্ট পেয়ে প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে ফিরিঙ্গী বাজার লাকি স্টার ক্লাব।
চ্যাম্পিয়ন ব্রাদার্সের ম্যানেজার আবদুর রশিদ লোকমান জানান, তারা গত এক মাস ধরে নিজেদের সাঁতারুদের জন্য অনুশীলনের ব্যবস্থা করেছিল। এ কারণেই সাফল্য এসেছে।
