তোমাদের চিঠি থেকে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৪
কচি-কাঁচার আসরের বন্ধুরা, একগুচ্ছ ফুলের শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো বন্ধুরা। হাড় কাঁপানো শীত প্রায় শেষ হয়ে এলো। এখন কুয়াশায় ঢাকা থাকে প্রকৃতি। চারদিক নীরব-নিথর। বইছে হিমেল হাওয়া। লেপ-কাঁথা মুড়ি দিয়েই কেটে যায় অনেকের মিষ্টি সকাল। এই শীতকে উপেক্ষা করে কুয়াশা ঢাকা ভোরেই চাষিরা ছোটে ফসলের মাঠে। অসহায় শিশুরা উদাম গায়ে রাস্তার পাশে দিন গুণছে। ভারি কষ্টের জীবন ওদের। শীতের মোকাবেলা করেই টিকে আছে ওরা। দেখতে দেখতে শীতের প্রকোপ কমে যাচ্ছে। যা হোক, আজ একটি ছড়া পাঠাচ্ছি। আশা করি আসরে ছাপা হবে। আর ছাপা হলে আমি খুব পুলকিত হবো। পরবর্তীতে লিখব ঋতুরাজ বসন্তকে নিয়ে। আমার ছড়াটি এরকম: শত বছরের বুড়ি এক গ্রামে এক ছিলো শত বছরের বুড়ি, আজও তার মনটা যে নীল আকাশের ঘুড়ি। কানে দুল হাতে চুড়ি নাইরে তার কোনো জুড়ি, দেখলে তারে মনে হয় বয়সটা তার মাত্র কুড়ি। মো. শরীফুল ইসলাম সদস্য নম্বর: ১৯২৩ টাঙ্গাইল। প্রিয় কচি-কাঁচার আসর ও তার সদস্যরা, আশা করি সকলে ভালো আছো। আমি এই আসরের ৪৪নং সদস্য। ২০১০ সালে ফর্ম পূরণ করে পাঠানোর পর অনেক লেখা পাঠিয়েছিলাম, কিন্তু তা সম্পাদক সাহেবের কাছে গ্রহণযোগ্য হয়নি। তাই আবার এই চিঠি পাঠালাম; যদি গ্রহণীয় হয়! এর সাথেই “আমার প্রিয় বই” বিভাগে একটি লেখা পাঠালাম। পড়াশোনার ফাঁকে সময় নিয়ে এইসব লিখে পাঠালাম। যদি গ্রহণযোগ্য হয় তবে তা আসরের পাতায় ছাপিয়ে দিও। সবার জন্য শুভ কামনা রইল। তোমাদের বন্ধু - ব্রততী চক্রবর্তী মৌলি সদস্য নং-৪৪ শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর-১৪, ঢাকা-১২০৬।