অভিবাসী বিষয়ে বিতৃষ্ণ ইউরোপ

আপডেট : ০৩ মে ২০১৯, ২১:৩৪

ইউরোপ মহাদেশ জুড়িয়া জনমনে অভিবাসী বিষয়ক বিতৃষ্ণা প্রশমনের তেমন কোনো লক্ষণ দেখা যাইতেছে না। ইউগভ-কেমব্রিজ গ্লে­াবালাইজেশনের চলতি সপ্তাহে প্রকাশিত একটি জরিপমতে গোটা মহাদেশজুড়িয়াই অভিবাসীদিগকে লাভজনকের পরিবর্তে ক্ষতিকর বিবেচনা করা মানুষের সংখ্যাই অধিক। চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান পার্লামেন্ট (ইউপি) নির্বাচনের মুখে অভিবাসীবিষয়ক এহেন তথ্য ইউরোপের অভিবাসী-বান্ধব রাজনৈতিক দল ও সংস্থাগুলির মধ্যে দুশ্চিন্তা বাড়াইয়া দিয়াছে।

জরিপমতে, ইউরোপের মধ্যে ব্রিটেনে অভিবাসীদিগকে দেশের জন্য লাভজনক ভাবিবার হার সর্বোচ্চ। বর্তমানে ২৮ শতাংশ ব্রিটিশ নাগরিক অভিবাসীদিগকে দেশের জন্য লাভজনক হিসাবে বিবেচনা করিয়া থাকেন। পক্ষান্তরে, ৩৭ শতাংশ ব্রিটিশ অভিবাসীদিগকে লাভের পরিবর্তে দেশের জন্য অধিক ক্ষতিকর বলিয়াই গণ্য করেন। অভিবাসীদের ব্যাপারে নেতিবাচক ভাবনার বিষয়ে ব্রিটেনের তুলনায় ইউরোপের অন্য দেশগুলির পরিস্থিতি অধিক শোচনীয়। উল্লে­খ্য, অভিবাসীদিগকে দেশের জন্য লাভজনক বিবেচনা করা মানুষের সংখ্যা ইউরোপের দুই প্রভাবশালী দেশ জার্মানি ও ফ্রান্সে যথাক্রমে ২৪ শতাংশ ও ২১ শতাংশ।

উল্লেখ্য, জার্মানিতে বর্তমানে এক কোটি ৬ লাখের অধিক এবং ফ্রান্সে ৭০ লাখের অধিক অভিবাসীর বাস। এই দুই দেশে যথাক্রমে ৪০ ও ৪২ শতাংশ মানুষ অভিবাসীদিগকে দেশের জন্য ক্ষতিকর গণ্য করে। এই তিন বৃহত্ ব্যতীত ইউরোপের অন্যান্য দেশের চিত্রও আশাপ্রদ নহে। উদাহরণস্বরূপ, ইতালি ও সুইডেনে যথাক্রমে ৫০ শতাংশ ও ৪০ শতাংশ মানুষ অভিবাসীদের ব্যাপারে নেতিবাচক মনোভাব পোষণ করে। উল্লেখ্য, এইবারের ইউপি নির্বাচনকে সামনে রাখিয়া ইউরোপের উগ্র জাতীয়তাবাদী রাজনৈতিক দলগুলি অনেক দিন হইতেই আঁটঘাট বাঁধিয়া মাঠে নামিয়াছে। এই দলগুলি অভিবাসীদিগকে দেশীয় সংস্কৃতির পরিপন্থি ও অর্থনীতির জন্য ক্ষতিকর হিসাবে বর্ণনা করিয়া জনমন জয় করিবার চেষ্টা করিয়া চলিয়াছে। এশিয়া ও আফ্রিকা হইতে আগত অভিবাসীদিগকে অনেক সময় নিরাপত্তা-হুমকি হিসাবে চিহ্নিত করিবার প্রবণতাও এই সমস্ত দলের মধ্যে প্রকট। ইউরোপের একাধিক দেশের জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলিতে এই প্রচারণার পক্ষে ভালো সুফলও মিলিতেছে। এই সুবিধাকে ব্যবহার করিয়াই এইবার ইউপি নির্বাচনে যতটা সম্ভব আসন সংখ্যা বাড়াইয়া লইতে চাহিতেছে উগ্র জাতীয়তাবাদী দলগুলি। ইউরোপিয়ান ইউনিয়নের অভিবাসী-বান্ধব নীতিমালাগুলিকে ভিতর হইতে চ্যালেঞ্জ করিবার কৌশল তাড়িত হইয়াই উগ্র জাতীয়তাবাদী দলগুলি এইবার গোটা ইউরোপজুড়িয়া প্রচার-প্রচারণা জোরদার করিয়াছে। কোনো-কোনো বিশে­ষজ্ঞের মতে, আটলান্টিকের অপর পাড়ে আমেরিকাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী-শরণার্থীবিরোধী কঠোর তত্পরতা ইউরোপের উগ্র-জাতীয়তাবাদী শক্তিকে মানসিকভাবে বলীয়ান করিয়া তুলিতেছে। এক্ষণে তাহারা ট্রাম্পের অনুরূপ ব্যবস্থা গ্রহণে সরকারকে বাধ্য করিবার জন্য সাধারণ জনগণের মধ্যে ক্রমাগত অভিবাসী-বিদ্বেষী নানাবিধ ধারণা-প্রসূত গাল-গল্প ছড়াইয়া চলিয়াছে।

আশ্চর্যের ব্যাপার এই যে, শীর্ষস্থানীয় সকল অর্থনৈতিক প্রতিষ্ঠান হইতে অভিবাসীদিগকে ইউরোপের ধনীদেশগুলির জন্য প্রয়োজনীয় ও লাভজনক হিসাবে চিহ্নিত করা হইলেও, সাধারণ লোকজনের মধ্যে অভিবাসীবিষয়ক অবান্তর গাল-গল্প ও অজানা ভীতির ব্যাপারেই অধিক আগ্রহ লক্ষ্য করা যাইতেছে।