শ্রীলঙ্কা সফর শেষে কিছুদিনের বিশ্রাম পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল থেকে আবার শুরু হয়েছে যুব দলের অনুশীলন। নতুন বছরের শুরুতে ঘরের মাঠে দুটি সিরিজ খেলবে যুবারা। দুই হোম সিরিজের জন্যই গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন যুব দলের ক্রিকেটাররা।
অনুশীলন চলবে তিন সপ্তাহ। আজই অনুশীলনে যোগ দিবেন শ্রীলঙ্কান হেড কোচ নাভিদ নেওয়াজ। বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের ম্যানেজার এইএম কাওসার জানিয়েছেন, তিন সপ্তাহের ক্যাম্পের শুরুতে স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং তথা ফিটনেস নিয়ে কাজ হবে। তারপর স্কিল অনুশীলন করবেন ক্রিকেটাররা।
বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগ থেকে জানা গেছে, জানুয়ারির শুরুতেই বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড যুব দল। ৪ জানুয়ারি তারা ঢাকায় পৌঁছাবে। সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে পাঁচটি ওয়ানডে খেলবে সফরকারীরা। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কক্সবাজার ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ হতেই ইংল্যান্ডের মুখোমুখি হবে তৌহিদ হূদয়ের দল। ২০ জানুয়ারি বাংলাদেশে পৌঁছাবে ইংলিশ যুব ক্রিকেটাররা।
সফরে টাইগার জুনিয়রদের বিরুদ্ধে দুটি চার দিনের ম্যাচ, তিনটি ওয়ানডে ও একটি টি- টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড যুব দল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কক্সবাজার ও চট্টগ্রামে।
