নাগেশ্বরীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে কক্ষ পরিদর্শকের অবহেলায় এক শিক্ষার্থীর জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। কর্তব্যে অবহেলার দায়ে দুই শিক্ষককে পরীক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া কেন্দ্র সচিবসহ ৪ শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। জানা গেছে, খামার বড়াইবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাসিমা খাতুন ‘নাগেশ্বরী-সি’ (ভিতরবন্দ) পরীক্ষা কেন্দ্রের ৭নং কক্ষে গত ১০ ফেব্রুয়ারি গণিত পরীক্ষা শেষে খাতা জমা দিয়ে বাড়ি ফিরে যান। ওই কক্ষের পরিদর্শক ভোগডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলতাফ হোসেন ও নুনখাওয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সফিকুল ইসলাম খাতা জমা দেয়ার সময় নাসিমার খাতার মুড়িপত্র পেলেও খাতা হারিয়ে ফেলেন। এ নিয়ে কেন্দ্রে তোলপাড় শুরু হয়। পরে কেন্দ্র সচিব ও হল সুপারের সাথে পরামর্শ করে কক্ষ পরিদর্শকরা দায় এড়াতে ওই শিক্ষার্থীকে বাড়ি থেকে ডেকে এনে প্রবেশ পত্র ও রেজি:কার্ড জোরপূর্বক ছিনিয়ে নিয়ে বহিষ্কার করে। নাসিমা খাতুন বলেন, আমাকে বিনা কারণে বহিষ্কার করা হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
কেন্দ্র সচিব বিজয় চন্দ্র এ ব্যাপারে বলেন, ঘটনা জানার পর কক্ষ পরিদর্শক দুইজনকে দায়িত্ব অবহেলার কারণে পরীক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, কেন্দ্র সচিবকে দ্রুত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
