বাণিজ্যিক ব্যাংকগুলোর সব ধরনের বৈদেশিক লেনদেন তাত্ক্ষণিকভাবে তদারকির জন্য ইলেকট্রনিক ড্যাশবোর্ড উদ্বোধন করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এর উদ্বোধন করেন ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
অনুষ্ঠানে গভর্নর বলেন, ড্যাশবোর্ডের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক তাত্ক্ষণিকভাবে আমদানি-রফতানি, রেমিট্যান্সসহ সকল বৈদেশিক মুদ্রার লেনদেনের তথ্য জানতে পারবে। ফলে বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট ও অন-সাইটের মধ্যে সমন্বয়ের ফলে বৈদেশিক মুদ্রার বিনিময় পরীক্ষণ ও তত্ত্বাবধান আরো বেশি কার্যকর হবে। এর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোও তাদের নিজ নিজ শাখাগুলো পরীক্ষণ ও তত্ত্বাবধান করতে পারবে। একইসঙ্গে লেনদেনে জাল-জালিয়াতি বহুলাংশে কমে যাবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
অনুষ্ঠানে ডেপুটি গভর্নর বেগম নাজনীন সুলতানা বলেন, ইলেকট্রনিক ড্যাশবোর্ড মূলত চারটি অন-লাইন রিপোর্টিং মডিউলের সমন্বয়। চারটি মডিউল হলো, এক্সপোর্ট মনিটরিং সিস্টেম, ইমপোর্ট মনিটরিং সিস্টেম, আউটওয়ার্ড রেমিট্যান্স মনিটরিং সিস্টেম এবং ইনওয়ার্ড এন্ড ওয়েজ আর্নারস রেমিট্যান্স সিস্টেম। এ চারটি মডিউলসহ ড্যাশবোর্ড বাংলাদেশ ব্যাংকই তৈরি করেছে। ড্যাশবোর্ডের মাধ্যমে কিভাবে কাজ করা হবে সেই বিষয়টি ব্যাখ্যা করেন ব্যাংকের বৈদেশিক বিনিময় পরিচালনা বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আনিছুর রহমান। এসময় বাংলাদেশ ব্যাংকের সব ডেপুটি গভর্নরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
