দলের প্রার্থী মনোনয়নে ২০ শতাংশ নারী সদস্য রাখার দাবি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৯
‘নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সরাসরি নির্বাচনের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় আগামী দশম সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ২০ শতাংশ নারী সদস্য রাখার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বক্তারা বলেছেন, নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে প্রতিটি জেলা থেকে একজন করে নারী সদস্য মনোনয়ন নিশ্চিত করতে হবে। তাহলেও সরাসরি নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাবে নারীরা। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর পান্থপথে অবস্থিত ইউটিসি কনভেনশন সেন্টারে আয়োজিত কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ উইমেন্স ফাউন্ডেশন (বিডব্লিউএফ) ও মিডিয়া ইনিসিয়েটিভ ফর পাবলিক পলিসি (এমআইপিপি) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক বলেন, পারিবারিক, সামাজিক ও ধর্মীয় কারণে আমাদের দেশের নারীরা রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ কম পেতো। তবে ১৯৮৬ সালে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়। বর্তমান সংসদে ২০ জন নির্বাচিত নারী সদস্য রয়েছেন। আগামীতে এই সংখ্যা আরো বাড়বে। এ জন্য নারীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যেতে হবে। সর্বপ্রথম নারীকে তার ভোটাধিকারের জন্যই আন্দোলন করতে হয়েছিল। কর্মশালায় বক্তারা বলেন, প্রধান দুই দলের নেতৃত্বে নারী থাকলেও বাস্তবে দেশে নারীর ক্ষমতায়ন হয় নি। সমাজ থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনে এখনো নারীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। নারী যেমন একজন মাতা হিসেবে সফলভাবে সন্তান পালন করতে পারে তেমনি দেশ পরিচালনাও করতে পারে সঠিকভাবে। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন হলে দেশে দুর্নীতি কমবে। নারীদের সংরক্ষিত সংসদ সদস্য ও সংরক্ষিত সদস্য নামে অবজ্ঞা করা হচ্ছে। প্রয়োজনে নারীদের সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সৃষ্টি করতে হবে। রাজনৈতিক দলের কমিটির সব পর্যায়ে নারীর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলে সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে আসতে হবে নারীকেই। তবে সবকিছুর আগে নারীর অধিকার আদায়ে সবার আগে নারীকেই সচেতন হতে হবে। এমআইপিপির সভাপতি ফরিদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উইমেন্স ফাউন্ডেশনের (বিডব্লিউএফ) সভাপতি মাশহুদা খাতুন শেফালি। আলোচক হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সংসদ সদস্য অপু উকিল, বিএনপির সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, ডেমোক্রেসী ওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রেহমান, ইউএন ওমেন এন্ড বাংলাদেশ পার্লামেন্টের সিনিয়র কনসালট্যান্ট তপতী সাহা, এমআইপিপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক প্রণব সাহা, মাঈনুল আলম, ওবায়দুল কবীর প্রমুখ।