বাংলাদেশের ন্যাশনাল অ্যাডভাইজারটি কমিটি অন অটিজমের চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ হাসান গত সোমবার নয়াদিল্লীতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ও ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাত্ করেন। সাক্ষাত্কালে তিনি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় অটিজম নিয়ে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অটিজম সম্পর্কে বাংলাদেশ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী অটিজমের ব্যাপারে বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ হাসানের ভূয়সী প্রশংসা করেন। তিনি অটিজম নিয়ে বাংলাদেশের পদক্ষেপ অনুকরণীয় বলেও উল্লেখ করেন। এ সময় নয়াদিল্লীতে বাংলাদেশের হাইকমিশনার তারেক-এ করিম উপস্থিত ছিলেন। সায়মা ওয়াজেদ রবিবার নয়াদিল্লীতে প্রথম দক্ষিণ এশীয় অটিজম নেটওয়ার্ক সম্মেলনে যোগ দেন। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এ সম্মেলনের উদ্বোধন করেন।
