ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে স্থানীয় নির্বাচনে সহিংসতায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজাতীয়দের কয়েকটি সংগঠন গোয়ালপাড়া জেলায় এই নির্বাচনের বিরোধিতা করছে। গতকাল ভোগ গ্রহণের সময় উপজতীয়রা এক পুলিশকে ছুরিকাঘাত করলে পুলিশ গুলি চালায়। উপজাতীয়রা বাড়িঘরে আগুন দেয় ও সরকারি অফিস ভাঙচুর করে। তারা ব্যালটবক্স ছিনাই করে ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫টি স্থানে গুলি চালায়। পুলিশ কর্মকর্তা ভুপেন বোরা বলেন সহিংসতায় ১১ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। তবে উপজাতীয়রা জানায়, ১৫ জন নিহত হয়েছে। এরপর আইন-শৃঙ্খলা রক্ষায় কিছু এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। খবর বিবিসি, এনডিটিভি ও এএফপির।
আসামের রাভা উপজাতি জানায়, ১৯৯৫ সালে তাদের সঙ্গে রাজ্য সরকারের সম্পাদিত চুক্তি অনুযায়ী গোয়ালপাড়া স্বশাসিত পরিষদ গঠন করা হয়েছিল। এই স্বশাসিত এলাকায় পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা নয়। জোর করে নির্বাচন করা হচ্ছে।
