আজ ফাগুনের গান

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪২
আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সারাদেশে মোমবাতি প্রজ্বলন করে রাজধানীর শাহবাগে চলমান গণজাগরণ মঞ্চের প্রতি সমর্থন জানাতে আহবান জানিয়েছেন আন্দোলনরতরা। একইসাথে আজ বিকালে মঞ্চে প্রতিবাদী এবং ফাগুনের সঙ্গীত পরিবেশন করা হবে বলেও ঘোষণা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে আন্দোলনের সূচনাকারী সংগঠন ব্লগার এন্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্কের আহবায়ক ডা. ইমরান এইচ সরকার মূল মঞ্চে এ ঘোষণা দেন। ইমরান বলেন, আমাদের আন্দোলন এখন দেশের সর্বস্তরের জনতার আন্দোলন। আন্দোলনের সাথে একাত্ম হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় দেশের সকল ঘরে ঘরে ও কর্মস্থলে মোমবাতি প্রজ্বলন করার আহবান জানান তিনি। আন্দোলনের অন্যতম সংগঠক বাপ্পাদিত্য বসু জানান, গণজাগরণ মঞ্চেও যুক্ত হচ্ছে বসন্তের উত্সব। আজ বিকাল তিনটায় গণজাগরণ মঞ্চে প্রতিবাদী ও ফাগুনের গান গাইবেন ছায়ানট ও উদীচীর শিল্পীরা। তাদের সাথে যোগ দেবেন দেশের সঙ্গীত শিল্পীদের অনেকেই।