১৪ দলের সংহতি, শনিবার গণপদযাত্রা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪২
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরে নতুন প্রজন্মের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। কেন্দ ীয় শহীদ মিনারে গতকাল মঙ্গলবার বিকাল ৪টা থেকে তিন মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের মাধ্যমে এই একাত্মতা জানায় ১৪ দল। এর আগে গতকাল দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগের তরুণ প্রজন্মের আন্দোলন ভিন্নপথে নিয়ে যেতে বিএনপি ষড়যন্ত্র করছে। যারা শাহবাগের আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তবে নতুন প্রজন্ম যেহেতু জেগে উঠেছে তাই কোনো ষড়যন্ত্র সফল হবে না। সভায় ঘোষণা করা হয়, যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে এবং বিএনপি-জামায়াতের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে আগামী ১৬ ফেব্রুয়ারি গণপদযাত্রা কর্মসূচি পালন করবে ১৪ দল। ওই দিন বিকাল তিনটায় সভারের হেমায়েতপুর থেকে সাভার বাজার, টঙ্গী বাটা বাজার থেকে আবদুল্লাহপুর এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে কাঁচপুর পর্যন্ত এ পদযাত্রা চলবে। জাসদের মীর আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, কেন্দ ীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, গণতন্ত্রী পার্টির নুরুর রহমান সেলিম প্রমুখ। জামায়াতের সঙ্গ ছেড়ে বিএনপিকে স্বাধীনতার পক্ষে আসার আহ্বান জানিয়ে বেগম মতিয়া চৌধুরী বলেন, এখন নতুন প্রজন্মের নেতৃত্বে নতুন ইতিহাস সৃষ্টি হচ্ছে। নতুন প্রজন্মের উত্থানে সৃষ্ট গণজাগরণকে বাধা দিতে বা সেটিকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র চলছে। বিএনপি নেতারা ট্রাইব্যুনাল ভেঙ্গে দেয়ার ষড়যন্ত্র করছেন। এ জন্যই তারা ট্রাইব্যুনালকে জাতিসংঘের অধীনে নেয়ার কথা বলছেন। মতিয়া চৌধুরী বলেন, যত ষড়যন্ত্রই হোক না কেন নতুন প্রজন্মের বিজয় কেউ ঠেকাতে পারবে না। কোনো ষড়যন্ত্রই সফল হবে না। রাশেদ খান মেনন বলেন, শাহবাগে নতুন প্রজন্মের আন্দোলনে সমগ্র জাতি একমত। তবে এটা কেবল বিএনপি মেনে নিতে পারছে না। তারা বিবৃতি ও বক্তব্যের মধ্য দিয়ে এই আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, যতই ষড়যন্ত্র করা হোক সফল হতে পারবেন না। তরুণ প্রজন্মের এ আন্দোলন বৃথা যাবে না। শাহবাগে আন্দোলনে যুক্ত কয়েকজনের নাম নিয়ে কিছু মিডিয়া যেসব বিভ্রান্তিকর খবর প্রচার করছে, তার বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শাহবাগের গণজাগরণকে আরো সুনির্দিষ্ট করে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। মাহবুব উল আলম হানিফ বলেন, যারা শাহবাগের আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তরুণ প্রজন্মকে এইসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। হানিফ বলেন, গণদাবির প্রতি সমর্থন না জানিয়ে মিথ্যা হীনস্বার্থ চরিত্রার্থ করতেই বিবৃতি দিয়ে বিএনপি আবারও প্রমাণ করেছে তারা যুদ্ধাপরাধীর দল। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায়। সভায় ১৪ দলের পক্ষ থেকে গণপদযাত্রা সফল করার আহ্বান জানান। এ কর্মসূচির পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান জোটের ঢাকা মহানগর সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।