উত্তর কোরিয়া জানিয়েছে, তারা গতকাল মঙ্গলবার পরমাণু পরীক্ষা চালিয়েছে। জাতিসংঘ সতর্ক করার পরও দেশটি তৃতীয়বারের মতো এই পরীক্ষা চালালো। পরীক্ষার ফলে দেশটিতে ভূকম্পন অনুভূত হয়। এ ঘটনায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে। খবর বিবিসির ও এনডিটিভির।
উত্তর কোরিয়া দাবি করেছে, তারা ছোট পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটায় এবং এ পরীক্ষা নিরাপদ ও সাফল্যের সঙ্গে শেষ হয়। এটি ছোট হলেও অনেক বেশি শক্তিশালী। পরমাণু পরীক্ষার কারণে তাদের উপর অবরোধ কঠোর করা হলে তারাও আরো কঠিন পদক্ষেপ নেবে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এই পরীক্ষা চালানোর কারণে উত্তর কোরিয়ায় ভূকম্পন হয়েছে। ভূকম্পনের তিনঘন্টা পর পরীক্ষা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে, রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৪ দশমিক ৯। উত্পত্তি ছিল এক কিলোমিটার গভীরে। পারমাণবিক পরীক্ষা চালানোর ফলেই এটা হয়েছে। ২০০৬ ও ২০০৮ সালের পর এবার এই পারমাণবিক পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। গত মাসে দেশটি এ পরীক্ষা চালানোর ঘোষণা দেয়।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন পরমাণু পরীক্ষার কঠোর নিন্দা জানিয়েছেন এবং এরপরও দেশটি সামনের দিকে অগ্রসর হলে পরিণতি ভাল হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন। সংস্থাটির গতকাল জরুরি বৈঠকে বসার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘটনাকে চরম উস্কানিমূলক উল্লেখ করে বলেছেন, এটা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। এ ঘটনাকে নিরাপত্তা পরিষদের আইনের সুস্পষ্ট লঙ্ঘন মন্তব্য করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার মিত্রদের রক্ষায় কার্যকর ব্যবস্থা নেবে। এছাড়া চীন, জাপান, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও আন্তর্জাতিক পরমাণু সংস্থা উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার কঠোর নিন্দা জানিয়েছে এবং দেশটিকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। ইরান বলেছে, বিশ্বের সব পরমাণু অস্ত্র ধ্বংস করে ফেলা উচিত।
