নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী বলেছেন, ‘জয় বাংলা শুধু আওয়ামী লীগের শ্লোগান নয়। এটা স্বাধীনতার, মুক্তিযুদ্ধের শ্লোগান, এই প্রজন্মের শ্লোগান। ’৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তরুণ প্রজন্মের ডাকে সারা দেশ আজ উত্তাল। দেশে এমন কোনো জেলা বাদ নেই, যেখান থেকে রাজাকারের বিচার ও তাদের সংগঠন নিষিদ্ধের দাবি ওঠেনি। তাই জামায়াত-শিবিরকে নিষিদ্ধ ও বর্জন করতে হবে।’ গতকাল মঙ্গলবার সকালে মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে দিনব্যাপী সমাবেশে মেয়র আইভী এ কথা বলেন।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কবি হালিম আজাদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা আদালতের পিপি আসাদুজ্জামান, উদীচী সংসদের জেলা কমিটির সভাপতি জাহিদুল হক ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুবর রহমান মাসুম প্রমুখ।
