বাগেরহাটের রামপাল বিদ্যুত্ কেন্দ স্থাপনের সকল কাজ বন্ধ রাখার দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি। বর্তমান প্রতিবেদনকে সামনে রেখে রামপাল বিদ্যুত্ প্রকল্প বাস্তবায়ন করলে অনিবার্যভাবে সুন্দরবন ধ্বংস হবে। ইংরেজি ভাষায় লিখিত সরকারি প্রতিবেদন বাংলায় অনুবাদ, এবিষয়ে আরো প্রচারসহ সাধারণ মানুষের মতামত নেয়ার দাবি জানিয়েছেন তারা।
গতকাল মঙ্গলবার পুরানা পল্টনস্থ মুক্তিভবনের প্রগতি সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় বক্তারা একথা বলেন।
সভায় বক্তারা বলেন, প্রকল্পের স্থান চূড়ান্তকরণ ও জমি অধিগ্রহণ থেকে শুরু করে বিদ্যুত্ কেন্দ নির্মাণের চুক্তি স্বাক্ষরের যাবতীয় কাজ শেষ হওয়ার পর এ ধরনের সমীক্ষা ও তার জন্য জনসাধারণের মতামত চাওয়া অর্থহীন।
ইআইএ রিপোর্টের পর্যালোচনায় বলা হয়, ২৭০ মিটার উচ্চতার চিমনী ধোয়ায় কোনো ক্ষতি হবে না বলা হলেও সাইক্লোন ও টর্নেডোর সময় বাতাসের গতি যে কোনো দিকে হতে পারে। সে সময় এবং শীতকালে কেন্দ ব্যাসার্ধ সাধারণভাবে প্রযোজ্য হলেও বড় আকারের কয়লা পোড়া ধোঁয়ার দূষণের জন্য প্রযোজ্য হতে পারে না। এছাড়া প্রকল্প প্রস্তাবে যে সব তথ্য দেয়া হয়েছে তা যথার্থ ও বাস্তবায়ন হবে কী না সে বিষয়ে নির্দিষ্ট তথ্য উপাত্ত নেই।
জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়ে পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ) এর বিশ্লেষণ সম্পর্কিত লিখিত বক্তব্য উপস্থাপন করেন প্রকৌশলী কল্লোল মোস্তফা। বক্তব্য রাখেন জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, বাপার সাধারণ সম্পাদক ডা. আব্দুল মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুশাহিত সুলতানা, বেলার তাসলিমা ইসলাম, জাতীয় কমিটির সংগঠক ও সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।
